২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজ ও ওএসএক্স-এ চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ

ক্রোম ব্রাউজার চলে এমন যে কোনো ডিভাইসে অ্যান্ড্রয়েড অ্যাপ চালানোর সুবিধা দিতে ‘আর্ক ওয়েল্ডার’ নামে নতুন সফটওয়্যার টুল উন্মুক্ত করেছে ওয়েব জায়ান্ট গুগল। ‘আর্ক ওয়েল্ডার-এর বদৌলতে উইন্ডোজ, ওএএক্স এবং এমনকি লিনাক্স অপারেটিং সিস্টেমের ডিভাইসেও ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড অ্যাড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 07:07 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অভিনব এই টুলটি অ্যান্ড্রয়েড অ্যাপের ‘মোড়ক’ হিসেবে কাজ করবে।

গুগলের নতুন এই সফটওয়্যার টুল অ্যান্ড্রয়েড অ্যাপ চালানোর ক্ষেত্র বৃদ্ধি করার পাশাপাশি ডেভেলপারদের কোডিং সহজ করে দিতে পারে বলে জানিয়েছে বিবিসি। তবে এ বিষয়ে এক ডেভেলপার জানিয়েছেন, ভিন্ন সফটওয়্যারের মাধ্যমে চালানোর জন্য অ্যাপ তৈরির চেয়ে ‘স্বাভাবিকভাবে’ চলতে সক্ষম এমন অ্যাপ তৈরির প্রক্রিয়াই ভালো ছিল।

নিজেদের ডেভেলপার ডকুমেন্টশনে গুগল জানিয়েছে, আর্ক ওয়েল্ডারে যে প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তাতে যেকোনো ফোন বা ট্যাবলেটে বিভিন্ন অ্যাপ যে গতিতে চলে, ঠিক সেই গতিতেই ভিন্ন প্লাটফর্মে অ্যান্ড্রয়েড অ্যাপ চালানো যাবে আর্ক ওয়েল্ডার দিয়ে।

অন্যদিকে অ্যাপ নির্মাতা ‘দ্য অ্যাপ ডেভেলপার্স’ পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা স্যাম ফার গুগলের এ পদক্ষেপকে সাধুবাদ জানালেও কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, “ফোনের অ্যাপকে কম্পিউটারে চালানো হলে অ্যাপটি তার সম্পূর্ণ কার্যক্ষমতা অনুযায়ী সেবা দিতে পারবে না, কারণ কম্পিউটারে এক্সেলেরোমিটার ও জিপিএস রিসিভারের মতো আরও অনেক কিছুই নেই যা হালের স্মার্টফোনে আছে”।