গ্যালাক্সি এস ৬-এর প্রি-বুকিং শুরু
স্যামসাং মোবাইল বাংলাদেশ গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ এর প্রি-বুকিং অর্ডার নিতে শুরু করেছে। প্রি-বুকিং করলে ক্রেতারা পাচ্ছেন ইএমআই সুবিধা, ফ্রি ওয়্যারলেস চার্জার এবং টেলিকম অপারেটরের অফার।
এক বিজ্ঞপ্তিতে স্যামসাং মোবাইল বাংলাদেশ জানিয়েছে, বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস৬ এর মূল্য ৬৯,৯০০ টাকা এবং গ্যালাক্সি এস৬ এজ এর মূল্য ৭৯,৯০০ টাকা। প্রি-বুকিং নিশ্চিত করার জন্য গ্রাহকদেরকে ১০ হাজার টাকা জমা দিতে হবে।
স্মার্টফোন দুটি হোয়াইট পার্ল, ব্ল্যাক স্যাফায়ার এবং গোল্ড প্লাটিনাম রঙে পাওয়া যাচ্ছে। দেশে প্রচলিত বেশিরভাগ ক্রেডিট কার্ডের জন্য ইএমআই সুবিধা প্রযোজ্য।
গ্রামীণফোন গ্রাহকরা এই ফ্ল্যাগশিপ ফোন দুটির একটি প্রি-বুকিং করলে আরো পাচ্ছেন একটি ক্লিয়ার ব্যাক কভারসহ বিভিন্ন অফার। রবি ও বাংলালিংক প্রি-বুকিং গ্রাহকেরা প্যাকেজের সঙ্গে পাচ্ছেন বিশেষ অফার।
হ্যান্ডসেটগুলোতে ব্যবহার করা হয়েছে ৬৪ বিট প্ল্যাটফর্মের ১৪ ন্যানোমিটার মোবাইল প্রসেসর, নতুন এলপিডিডিআর৪ মেমোরি সিস্টেম ও ইউএফএস ২.০ ফ্ল্যাশ মেমোরি। এছাড়াও ১৪৪০পি/ভিপি৯ হার্ডওয়্যার ভিত্তিক কোডেকের কারণে হাই রেজুলিউশনে ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে ব্যাটারি খরচ কম হবে— দাবি প্রতিষ্ঠানটির। ৫.১ ইঞ্চি কোয়াড এইচডি সুপার অ্যামোলেড স্ক্রিনে থাকছে ৫৭৭ পিপিআই পিক্সেল ঘনত্ব।
ডিভাইস দুটির জন্য প্রি-বুকিং করলে ক্রেতারা পাচ্ছেন ফ্রি ওয়্যারলেস চার্জার। আর তারযুক্ত চার্জারটির মাধ্যমে মাত্র ১০ মিনিট চার্জে প্রায় ৪ ঘন্টা ব্যবহার করা যাবে ডিভাইসদুটো, এমনটাই দাবি স্যামসাং মোবাইল বাংলাদেশের।
