২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখ খুললেন গুগল এক্স প্রধান

প্রযুক্তিপণ্যের বাজার বিশ্লেষকদের অনেকেই বলেন, গত কয়েক বছরের মধ্যে গুগলের সবচেয়ে বড় ব্যর্থতা হল ‘গুগল গ্লাস’। বাজারে এই স্মার্টগ্লাস নিয়ে শুরুতে আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও তা পুরণ করতে পারেনি ডিভাইসটি। এবার গুগল গ্লাসের ব্যার্থতার কারণ নিয়ে মুখ খুলেছেন ‘গুগল এক্স’ প্রকল্পের পরিচালক অ্যাস্ট্রো টেলার।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 05:53 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চলতি ‘সাউথ বাই সাউথওয়েস্ট ইন্ট্যারঅ্যাক্টিভ’ সম্মেলনে প্রথমবারের মতো গুগল গ্লাসের ব্যর্থতা নিয়ে মুখ খোলেন টেলার। গুগল এক্স প্রকল্পের অংশ হিসেবেই এখনও গুগল গ্লাস নিয়ে কাজ করছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

“আমরা একটা খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম, আরেকটি সিদ্ধান্ত খুব একটা ভালো ছিল না। আমরা যে কাজটা ঠিক করিনি সেটা হল, গুগল গ্লাস নিয়ে বাড়তি প্রচারণায় আমরা এতোটাই উৎসাহ জুগিয়েছি যে ক্ষেত্রবিশেষে প্রয়োজনের থেকে বেশি মনোযোগ আকর্ষণ করেছি আমরা।”--সম্মেলনে বলেন টেলার।  

আর টেলার ‘ভালো সিদ্ধান্ত’ বলে গুগল গ্লাসের এক্সপ্লোরার প্রোগ্রামের কথা উল্লেখ করেছেন বলে জানিয়েছে ম্যাশএবল। এক্সপ্লোরার প্রোগ্রাম নিয়ে বিন্দুমাত্র আফসোসও নেই তার।

নিজের পুরো বক্তব্য জুড়েই নিজেদের পুরানো ভুলের বিশ্লেষণ করেন টেলার। নিউ ইয়র্ক ফ্যাশন উইকে ডায়ান ভন ফর্স্টেনবার্গের সঙ্গে জোট, রানওয়ে মডেলেদের অ্যাকসেসরিজ হিসেবে গুগল গ্লাসের উপস্থাপন, গুগল গ্লাস এক্সপ্লোরারের ‘দূত’ হওয়ার জন্য সব ধরনের সমর্থককে উৎসাহ দেওয়া--এই কাজগুলো দিন শেষে গুগল গ্লাস প্রকল্পের উপর বাড়তি চাপ যোগ করেছিল বলে মনে করেন তিনি।

নিজের বক্তব্যে ভুল থেকে শেখার কথাও বলেছেন টেলার। “গুগল এক্স যত দ্রুত সম্ভব নতুন প্রজেক্টগুলো বাজারজাত করছে। যদি আপনি যথেষ্ট দ্রুত উন্নতি করতে চান, তবে আপনাকে অনেক বেশি ভুল করতেই হবে।”— বলেন টেলার।