২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তিন স্প্যামার অভিযুক্ত

প্রায় একশ' কোটি মেইল অ্যাড্রেস চুরি, অনলাইন জালিয়াতি এবং স্প্যামের মাধ্যমে নকল সফটওয়্যার বিক্রির চেষ্টার অভিযোগে এক কানাডিয় ও দুই ভিয়েতনামি নাগরিককে অভিযুক্ত করেছে মার্কিন আদালত।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 06:23 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এ ঘটনাকে যুক্ত্ররাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে বড় ডেটা চুরির উদাহরণগুলোর একটি’ হিসেবে আখ্যা দিয়েছে দেশটির বিচার বিভাগ। 

২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের জুন মাস পর্যন্ত অন্তত আটটি ইমেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নেটওয়ার্ক হ্যাক করার অভিযোগ আনা হয়েছে ২৮ বছর বয়সি ভিয়েতনামি নাগরিক কুক এনগুয়েনের বিরুদ্ধে।

অভিযুক্ত তিন জনের মধ্যে অপর ভিয়েতনামি নাগরিক হলেন ২৫ বছর বয়সী জিয়াং হোয়াং ভু। অভিযুক্ত দুই ভিয়েতনামি নাগরিক নেদারল্যান্ডসে বসবাস করতেন। ২০১৪ সালের মার্চ মাসে ভুকে গ্রেপ্তার করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। এনগুয়েন এখনও পলাতক।

অভিযুক্ত কানাডিয়ান নাগরিক ৩৩ বছর বয়সী ডেভিড-ম্যানুয়েল সান্তোস ডা সিলভা। তার বিরুদ্ধে মুদ্রাপাচার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ২১ সেলসিয়াস ইনকর্পোরেটেড নামের একটি প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা তিনি।

আদালতের অভিযোগে ভু আর এনগুয়েনের জালিয়াতির অর্থপাচারে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

চলতি বছর ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিমানবন্দরে ডা সিলভাকে আটক করা হয়। পরবর্তী শুক্রবার তাকে আটলান্টা ফেডারেল কোর্টে হাজির করা হবে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।   

কোন কোন ইমেইল কোম্পানির ব্যবহারকারীরা এতে ক্ষতিগ্রস্থ হয়েছেন, এ বিষয়ে কিছু জানায়নি মার্কিন বিচার বিভাগ। তবে নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রায়ান ক্রেবস জানিয়েছেন, ইমেইল মার্কেটিং ফার্ম এপসিলনের উপর ২০১১ সালে সাইবার আক্রমণের সঙ্গে অভিজুক্তরা জড়িত ছিলেন।