হ্যাকার গ্রেপ্তার তৎপরতা যুক্তরাজ্যের
সাইবার অপরাধ ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে যুক্তরাজ্য। সাইবার অপরাধের বিরুদ্ধে ‘স্ট্রাইক উইক’ প্রচেষ্টার অংশ হিসেবে ৫৬ জন সন্দেহভাজন হ্যাকারকে গ্রেপ্তার করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।
ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে এখন পর্যন্ত ২৫টি অভিযান চালিয়েছে এনসিএ। ভাইরাস সংক্রমণ থেকে শুরু করে ডেটা চুরি ও অনলাইন জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ওই ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে— জানিয়েছে বিবিসি।
গ্রেপ্তাকৃতদের মধ্যে আছে ২১ বছর বয়সী এক শিক্ষার্থী। ২০১২ সালে ইয়াহুর উপর সাইবার আক্রমণের সঙ্গে ওই তরুণ জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সপ্তাহব্যাপী অভিযানে এনসিএর সাইবার ক্রাইম ইউনিটের পাশাপাশি অংশ নিয়েছে স্থানীয় পুলিশ।
২০১৪ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২৩ বছর বয়সী এক ব্যক্তিকে।
অনলাইন থেকে অর্থ চুরি, অর্থ পাচার ও অন্যান্য জালিয়াতির অভিযোগে লন্ডন ও এসেক্সে থেকে গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে। হ্যাকারদের দল লিজার্ড স্কোয়াডের সদস্য সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ২১ বছর বয়সী আরেক ব্যক্তিকে।
