২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ের ১০ শতাংশ দান করবে রেডিট

বার্ষিক আয়ের ১০ শতাংশ জনকল্যাণমূলক কাজে দান করবে বিনোদনমূলক সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদের সাইট রেডিট। সাইটটির ব্যবহারকারীদের পছন্দের ১০টি দাতব্য প্রতিষ্ঠান এই অনুদান পাবে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 05:10 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, নিজেদের ‘ফ্রন্ট পেইজ অফ দ্যা ইন্টারনেট’ হিসেবে দাবি করা এই প্রতিষ্ঠানটি ২০১৪ সালে বিজ্ঞাপন খাত থেকে প্রায় ৮৩ লাখ ডলার আয় করেছে। ব্যবহারকারীদের পছন্দের ১০টি দাতব্য প্রতিষ্ঠানের প্রতিটিকে ৮৩ হাজার ডলার দান করা হবে বলে জানানো হয়েছে রেডিট ব্লগের এক পোস্টে।

রেডিট ব্যবহারকারীরা অলাভজনক দাতব্য প্রতিষ্ঠানগুলোর ডেটাবেইজ ‘চ্যারিটি নেভিগেটর’ থেকে পছন্দের প্রতিষ্ঠানের জন্য ভোট দিতে পারবেন। একজন ব্যবহারকারী একাধিক সংস্থার জন্য ভোট দিতে পারবেন। তবে একটি দাতব্য সংস্থার জন্য ব্যবহারকারীর একটি ভোটই গ্রহনযোগ্য হবে।

২৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বিজয়ী সংস্থাগুলোর নাম ঘোষণা করা হবে।

রেডিটের সূত্রমতে, সম্ভাব্য বিজয়ী হিসেবে দাতব্য সংস্থাগুলোর মধ্যে দ্য ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন, ডক্টরস উইদাউট বর্ডারস, ইন্টারনেট আর্কাইভ, এনপিআর আর উইকিমিডিয়া ফাউন্ডেশন সবেচেয়ে বেশি আলোচিত হয়েছে।