২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের জন্য ইউটিউবের নতুন অ্যাপ

বাচ্চাদের জন্য উপযোগী ইউটিউব অ্যাপ আনছে গুগল। ‘ইউটিউব কিডস’ নামের নতুন ওই অ্যান্ড্রয়েড অ্যাপটিতে কেবল বাচ্চাদের উপযোগী ভিডিওগুলোই দেখা যাবে। শিশুদের চিন্তাধারা মাথায় রেখে অ্যাপটির ইউজার ইন্টারফেইস ডিজাইন করা হয়েছে। যেসব শিশু এখনও পড়তে পারে না তারাও বিজ্ঞাপনযুক্ত এই অ্যাপটি খুব সহজেই ব্যবহার করতে পারবে বলে দাবী করেছে গুগল। ২৮ ফেব্রুয়ারি প্রথম আমেরিকাতে এই অ্যাপটি চালু করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রেজওয়ান আহমেদ নাজিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 05:06 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কেবল ২০১৪ সালেই পারিবারিক বিনোদনের মাধ্যম হিসেবে ইউটিউবের গ্রহণযোগ্যতা বেড়েছে প্রায় দ্বিগুণ। ইউটিউবের প্রতি শিশুদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে অভিভাবকদের দুশ্চিন্তাও।

ইউটিউবে ‘এক্সপ্লিসিট সেক্সুয়াল কন্টেন্ট’ নিষিদ্ধ হলেও শিশুদের জন্য উপযোগী নয় এমন ভিডিওর সংখ্যাও নেহাত কম নয়। অফিসিয়াল সাইট ও অ্যাপটিতে ‘সেফটি মোড’ অপশন থাকলেও তা ক্ষতিকর ভিডিও ও কমেন্ট থেকে শিশুদের নিরাপদ রাখতে যথেষ্ট নয়।

‘অভিভাবকরা বরাবরই ইউটিউবকে পরিবার ও শিশুবান্ধব করার চাপ দিয়ে আসছিল’ বলেন ইউটিউবের ‘গ্রুপ প্রোডাক্ট’ ব্যবস্থাপক সিরিত বেন-ইয়ার। প্রতিবেদনে বলা হয়েছে নতুন এই অ্যাপটিতে শুধু কিছু নির্বাচিত ভিডিও দেখার সুযোগ থাকবে তবে যেহেতু প্রতিদিন শিশুদের উপযোগী নতুন নতুন ভিডিও পোস্ট করা হচ্ছে তাই অ্যাপটিতে নতুন ভিডিও সংযোজনের ক্ষেত্রে অভিভাবক গোষ্ঠীর উপরও অনেকটা নির্ভর করবে কর্তৃপক্ষ। তবে ইউটিউব কিডসের মাধ্যমে ভিডিও দেখা ছাড়া ভিডিও আপলোড, শেয়ার বা কমেন্টের সুবিধা থাকছে না।