‘বন্ধ’ ফোনেও চলে অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার
বহুল ব্যবহৃত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন একটি ম্যালওয়্যার আবিষ্কার করেছে অ্যান্টিভাইরাস নির্মাতা ও সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান এভিজি। অ্যান্ড্রয়েড স্মার্টফোন বন্ধ করে দেওয়ার পরেও ফোন কল করতে আর টেক্সট মেসেজ পাঠাতে নতুন ম্যালওয়্যারটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন ম্যালওয়্যারটিকে অ্যান্ড্রয়েড/পাওয়ারঅফহাইজ্যাক নামে চিহ্নিত করছে এভিজি। ম্যালওয়্যারটি কার্যত অ্যান্ড্রয়েড ফোনের শাট ডাউন প্রক্রিয়া ‘হাইজ্যাক’ করে বলে জানিয়েছে ওই অ্যান্টিভাইরাস নির্মাতা।
ম্যালওয়্যার সংক্রমণের শিকার স্মার্টফোনটি বন্ধ করতে গেলে ডিসপ্লেতে ঠিকই দেখানো হয় নির্দিষ্ট অ্যানিমেশন, বন্ধ হয়ে যায় ডিসপ্লে। কিন্তু চালু রয়ে যায় স্মার্টফোনটি।
ওই অবস্থাতেই তৃতীয় পক্ষের কাছে মেসেজ পাঠাতে পারে ম্যালওয়্যারটি। এমনকি ভয়েস কল রেকর্ড করার পাশাপাশি ছবি তুলেও ব্যবহারকারীর উপর নজরদারি চালাতে পারে ওই ম্যালওয়্যার।
ম্যালওয়্যারটি আন্ড্রয়েড ৫.০-এর নিচের সংস্করণের ডিভাইসগুলোতে সংক্রমণ ঘটাচ্ছে বলে জানিয়েছে এভিজি। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, এই ম্যালওয়্যারটির সংক্রমণের শিকার হয়েছে প্রায় ১০ হাজার অ্যান্ড্রয়েড স্মার্টফোন।
ম্যালয়্যারটি সর্বপ্রথম চীনের স্থানীয় অ্যাপ স্টোরের থেকে ছড়িয়ে পরায় সংক্রমিত অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর সিংহভাগই চীনের ব্যবহারকারীদের।
