২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকারদের পকেটে ৩০ কোটি ডলার!

৩০টি দেশের একশ’র বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৩০ কোটি ডলারের বেশি অর্থ চুরি করেছে হ্যাকাররা। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবসের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সাল থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এভাবে অর্থচুরি করে আসছে হ্যাকাররা।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 06:27 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, এই কাজে হ্যাকাররা ব্যবহার করেছে বিভিন্ন ম্যালওয়্যার। ইতিহাসের সবচেয়ে বড় ‘ব্যাংক ডাকাতির ঘটনা’ হিসেবে প্রমাণিত হতে পারে এটি, এক প্রতিবেদনে মন্তব্য করেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।

হাতের তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে চুরি হওয়া অর্থের পরিমাণ যোগ করলে তা ৩০ কোটি ডলারের তিন গুণেরও বেশি হতে পারে বলে জানিয়েছে ক্যাসপারস্কি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের চিহ্নিত করা হচ্ছে হ্যাকিংয়ে ব্যবহৃত ম্যালওয়্যারের নামের সঙ্গে মিল রেখে ‘কারবানাক সাইবারগ্যাং’ নামে।

আক্রমণের শিকার হওয়া ব্যাংকগুলোর সিংহভাগ রাশিয়াভিত্তিক বলে জানিয়েছে সিনেট। ভূক্তভোগী প্রতিষ্ঠানের তালিকায় আছে জাপান, ইউরোপ আর যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকও।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপর হ্যাকারদের দলটির আক্রমণকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ‘জটিল আর সুকৌশলী’ সাইবার আক্রমণ বলে বাখ্যা দিয়েছেন ক্যাসপারস্কি ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস ডগেট।