২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্তবে স্টার ট্রেকের মেডিকেল ডিভাইস!

ষাটের দশকের বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক জনপ্রিয় চলচ্চিত্র স্টার ট্রেকের ‘মেডিকেল ট্রাইকর্ডার’ থেকে অনুপ্রাণিত হয়ে অভিনব মেডিকেল ডিভাইস ‘স্ক্যানাডু’ বানিয়েছেন বেলজিয়ান উদ্যোক্তা ওয়ালটার ডি ব্রোওয়ার।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 06:22 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

ব্যবহারকারীর কপালে চেপে ধরলেই কয়েক সেকেন্ডের মধ্যে হৃদস্পন্দন, তাপমাত্রা, রক্তচাপ, অক্সিজেনের পরিমাণ, এমনকি সম্পূর্ণ ইসিজি রিপোর্ট সরবরাহ করবে ছোট্ট, গোল ডিভাইসটি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, লাখ ডলার খরচ করে বানানো হয়নি স্ক্যানাডুর প্রোটোটাইপ। ক্রাউডফান্ডিংয়ের প্রকল্পের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে প্রয়োজনীয় তহবিল। জানুয়ারির শেষদিকেই বিনিয়োগকারীদের কাছে পৌঁছে যাবে। তবে এখনও বড় পরিসরে ডিভাইসটি বাজারজাত করছেন না এর নির্মাতারা। অপেক্ষয় আছেন যুক্তরাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনস্টেশন’ (এফডিএ)-এর কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার।

স্ক্যানাডু ছোট, গোলাকার এবং সাদা রংয়ের ডিভাইস। কালো রঙয়ের আরেকটি সংস্করণ তৈরির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের, জানিয়েছে সিএনএন।