আবারও বিপাকে কোয়ালকম
মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম ইনকর্পোরেটেড-এর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দক্ষিণ কোরিয়ার ফেয়ার ট্রেড কমিশন(কেএফটিসি)। দক্ষিণ কোরিয়ার বাজারে কোয়ালকমের নিজস্ব প্রভাবের অপব্যবহার করছে কী না, সে বিষয়টি তদন্ত করে দেখছে দেশটির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
গোপন সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ায় কোয়ালকমের বিপরীতে এই তদন্তের খবর জানিয়েছে রয়টার্স। তদন্তের অংশ হিসেবে কেএফটিসি স্যামসাংয়ের মতো স্থানীয় স্মার্টফোন নির্মাতা ও কোয়ালকম প্রতিদ্বন্দ্বী ইনটেলের মতো প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এ ব্যাপারে কোয়ালকম, স্যামসাং ও কেএফটিসি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার মতো ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও একই ধরনের তদন্তের মুখে আছে কোয়ালকম। সর্বশেষ প্রতিষ্ঠানটিকে ৯৭ কোটি ডলার জরিমানা করেছে চীন সরকার।
