চীনের বাজারে টেসলার লোকসান
চীনের বাজারে সুবিধা করে উঠতে পারছে না যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। সর্বশেষ আর্থিক বছরের চতুর্থ প্রান্তিকে ১০ কোটি ৮০ লাখ ডলার লোকসান হয়েছে প্রতিষ্ঠানটির। আগের বছরের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ ছিল ১ কোটি ৬০ লাখ ডলার।
শেষ প্রান্তিকে চীনের বাজারে গাড়ির বিক্রি আশানুরূপ না হওয়ায়, প্রতিষ্ঠানটির বার্ষিক আর্থিক প্রতিবেদনে এর প্রভাব পরতে পারে বলে জানুয়ারি মাসেই আশঙ্কা প্রকাশ করেছিলেন টেসলা প্রধান ইলোন মাস্ক। তবে এখনও চীনের বাজার নিয়ে আশাবাদী তিনি। “এই বাজারের বিশাল সম্ভাবনা নিয়ে আমরা আস্থাশীল”-- এক বিবৃতিতে মাস্ক এই মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।
গাড়ির উৎপাদন ও চালানে বিলম্বই লোকসানের মূল কারণ বলে জানিয়েছে টেসলা। শেষ প্রান্তিকে ১১ হাজার ৬২৭টি গাড়ি তৈরি করলেও ৯ হাজার ৮৩৪টি গাড়ি সরবরাহ করতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি।
বিবিসি জানিয়েছে, ২০১৫ সালে ৫৫ হাজার মডেল এস এবং মডেল এক্স গাড়ি সরবরাহের পরিকল্পনা করেছে টেসলা। যা ২০১৪ সালের তুলনায় ৭০ শতাংশ বেশি।
