২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিবাবার ড্রোন ডেলিভারি পরীক্ষা শুরু

পণ্য সরবরাহের কাজে পরীক্ষামূলকভাবে ড্রোন ব্যবহার শুরু করেছে চীনের বৃহত্তম ইন্টারনেটনির্ভর পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান আলিবাবা। তিন দিনব্যাপী এই পরীক্ষামূলক ড্রোন ডেলিভারি সীমাবদ্ধ থাকবে আলিবাবার বেইজিং, সাংহাই ও গুয়াংজু পণ্যবিতরণ কেন্দ্রগুলো থেকে ১ ঘন্টার দূরত্বে অবস্থিত ক্রেতাদের মধ্যে।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 05:57 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিশেষ এক ধরনের আদা চা সরবরাহ করতে ড্রোনগুলো ব্যবহার করছে আলিবাবা। কোয়ডকপ্টার ড্রোনগুলো সর্বচ্চ ৩৪০ গ্রাম ওজন বহন করতে পারে।

আলিবাবা তাওবাও শাখা পরিচালনা করছে এই পরীক্ষমূলক ড্রোন ডেলিভারি, জানিয়েছে দ্যা টেক ইন এশিয়া ব্লগ। টেক ইন এশিয়ার পল বিশফ বিবিসিকে জানান, ছোট পরিসরে হলেও, “আলিবাবার তাওবাও শাখাটি সত্যিকার ক্রেতাদের কাছে সত্যিকার পণ্য ডেলিভারি দিচ্ছে। ডেলিভারির কাজে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে আরেক ইন্টারনেটনির্ভর পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনের চেয়েও একধাপ এগিয়ে আছে প্রতিষ্ঠানটি।”

“শেষ পর্যন্ত কোন প্রতিষ্ঠানটি পুরোপুরি ড্রোন-নির্ভর ডেলিভারি ব্যবস্থা চালু করবে সেটাই এখন দেখার বিষয় এবং তারজন্য এখনও অনেকটা সময় অপেক্ষা করতে হবে”—জানান পল বিশফ।