২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের নতুন ডেটা সেন্টার

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নতুন একটি ডেটা সেন্টার চালুর ঘোষণা দিয়েছে অ্যাপল।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 06:21 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

যুক্তরাষ্ট্রে অ্যাপলের পঞ্চম ডেটা সেন্টার হবে এটি। আগামী ১০ বছরে এই প্রকল্পে ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে মার্কিন এই টেক জায়ান্ট। অ্যাপলের বৈশ্বিক নেটওয়ার্কের নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে কাজ করবে নতুন ডেটা সেন্টার।

মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ডেটা সেন্টারে রূপান্তরিত হতে যাওয়া ১৩ লাখ বর্গ-ফুটের স্থাপনাটি ২০১৩ সালে কিনেছিল অ্যাপল। নিউ হ্যাম্পশায়ারভিত্তিক প্রতিষ্ঠান ‘জিটি অ্যাডভান্সড’-এর সঙ্গে জোট বেঁধে অ্যাপল পণ্যের জন্য স্যাফায়ার গ্লাস তৈরির উদ্দেশ্যে কেনা হয়েছিল ওই স্থাপনা।

জিটি অ্যাডভান্সড-এর সঙ্গে স্যাফায়ার প্লাস তৈরির চুক্তি ভেস্তে যাওয়ায় ওই জায়গায় এখন ডেটা সেন্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।

এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, “এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অ্যাপলের সবচেয়ে বড় বিনিয়োগ প্রকল্পগুলোর অন্যতম এটি। ৬০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এই ডেটা সেন্টার। অ্যাপলের অন্য ডেটা সেন্টারগুলোর মতো এটিও চলবে শতভাগ নবায়নযোগ্য শক্তিতে, যা বেশির ভাগই আসবে স্থানীয় সৌরশক্তি সরবরাহকারীদের কাছ থেকে।”

২০১৬ সালের শেষ দিকে ডেটা সেন্টারটির নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন অ্যাপলের এক মুখপাত্র।