এল নতুন ‘রাসবেরি পাই’
বাজারে এল রাসবেরি পাইয়ের নতুন সংস্করণ। প্রায় আগের দামেই বাজারে ছাড়া হচ্ছে দ্রুতগতির প্রসেসর ও অধিক মেমোরির নতুন এই কম্পিউটার।
দাতা সংস্থা ব্রিটিশ চ্যারিটির বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাসবেরি পাই ২ মডেল বি নামের নতুন এই কম্পিউটার আগের ভার্সন ‘মডেল বি+’ থেকে প্রায় ছয়গুণ বেশি ক্ষমতাসম্পন্ন।
রাসবেরি পাই কম্পিউটারের আগের ভার্সনটি বিশ্বব্যাপী সমাদৃত হয়। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাজারে বাড়ছে এ ধরনের কম্পিউটারটির প্রতিযোগিতা।
রাসবেরি পাই ২ কম্পিউটারটিতে মূলত ২ টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। ৭০০ মেগাহার্টজ গতির সিঙ্গল কোর প্রসেসরের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ৯০০ মেগাহার্টজ গতির কোয়াড কোর প্রসেসর। র্যা মের ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তন। আগের ৫১২ মেগাবাইট র্যা মের বদলে এসেছে ১ জিবি র্যা ম। তবে আগের মতো এই কম্পিউটারটিতেও প্রোগ্রামিংয়ের জন্য আলাদা কি বোর্ড আর অপারেটিং সিস্টেমের জন্য মাইক্রোএসডি কার্ড যুক্ত করে নিতে হবে ব্যবহারকারীকে।
ইন্টারনেট ব্রাউজ করা, ভিডিও দেখা, গেইম খেলার মতো একটি পিসির সব সাধারণ সুবিধা থাকলেও শিশুদের প্রোগ্রামিংয়ের জন্য কিছু আলাদা যন্ত্রাংশ সংযুক্ত করতে হবে বলে বিবিসিকে জানিয়েছেন রাসবেরি পাইয়ের প্রতিষ্ঠাতা ইবেন আপটন।
বিবিসি জানিয়েছে, এই কম্পিউটার থেকে সর্বোচ্চ সুবিধা পেতে হলে, বাজারে প্রচলিত সফটওয়্যারগুলোকে নতুনভাবে কম্পাইল করতে হবে।
লিনাক্সনির্ভর অপারেটিং সিস্টেম দিয়ে অনায়াসেই চলতে পারে রাসবেরি পাই ২। তবে, মাইক্রোসফটের আসন্ন উইন্ডোজ ১০ এতে ব্যবহার করা যাবে বলে দাবী করেছেন নির্মাতারা।
