বেলুনে চড়ে নতুন রেকর্ড
হিলিয়াম গ্যাস ভর্তি বেলুনে করে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে নতুন রেকর্ড গড়লেন অ্যালবুকোর্কে শহরের বাসিন্দা ট্রয় ব্র্যাডলি ও রুশ নাগরিক লিওনিড তিউখায়েভ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নিউ মেক্সিকো শহরে তাদের সফর শেষ হয়।
তাদের এই ঐতিহাসিক সফর শেষের একদিন পরে ‘অ্যালবুকোর্কে ইন্টারন্যাশনাল সানপোর্ট’ এয়ারপোর্টে উষ্ণ অভিনন্দন জানায় অ্যালবুকোর্কে বাসী।
এবিসি নিউজ জানিয়েছে, নতুন এই বিশ্ব রেকর্ডটি ব্রাডলির ১৫ বছর পুরোনো একটি পরিকল্পনার ফসল। শনিবার সন্ধ্যার পরপরই তাদের অভিযানের সমাপ্তি ঘটে। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকত থেকে কয়েক মাইল ও সুপরিচিত ক্যাবো লুকাস সমুদ্র সৈকত থেকে ৩০০ মাইল উত্তরে তারা প্রথম সমুদ্রপৃষ্ঠে অবতরণ করেন।
সামুদ্রিক ঝড়ো বাতাসের কারণে নিখুঁত অবতরণ না করতে পারলেও তারা নিরাপদেই সমুদ্রপৃষ্ঠে নামেন। ব্রাডলির মতে অভিযানের এই পর্বটিই ছিল সবচেয়ে ঝুকিপূর্ণ। নিরাপদে অবতরণের এই সংবাদে শত মাইল দূরে অ্যালবুকোর্কে শহরের নিয়ন্ত্রণ কক্ষে অবস্থানরত সবাই আনন্দে মেতে উঠেন। একটি মাছ ধরার নৌকা তাদের উদ্ধার করার পরপরই নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই মিশনকে সফল বলে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। ‘ঐতিহাসিক’ এই অভিযানে মেক্সিকো কর্তৃপক্ষ সব ধরনের সহায়তা প্রদান করে।
এ বিষয়ে আগের রেকর্ডটি ছিল ডাবল ঈগল সদস্য বেন আবরুজ্জ, ম্যাক্সি অ্যান্ডারসন এবং ল্যারি নিউম্যানের। ব্রাডলি এবং তিউখায়েভ দজানুয়ারির শেষ রোববার জাপান থেকে অভিযান শুরু করার পর শুক্রবারেই ১৯৭৮ সালের গড়া ১৭৮ ঘণ্টার ওই রেকর্ডটি ভেঙ্গে ফেলেন। ১৯৮১ সালে ‘ডাবল ঈগল ফাইভে’র গড়া সর্বোচ্চ দূরত্ব ৫’হাজার ২’শ ৯ কিলোমিটারের রেকর্ডটিও তারা অনায়াসে ভেঙ্গে ফেলেন।
“আমরা এই অভিযানে অনেক নয়নাভিরাম দৃশ্য উপভোগ করেছি এবং বেশকিছু সুন্দর ছবিও তুলেছি” বলেন ব্রাডলি।
