ব্যক্তিগত ওয়াই-ফাই ঠেকাবে না ম্যারিয়ট
অতিথিদের ব্যক্তিগত ওয়াই-ফাই কিট ব্লক করবে না বলে জানিয়েছে হোটেল গ্রুপ ম্যারিয়ট ইন্টারন্যাশনাল।
অতিথিদের ওয়াই-ফাই ব্লক করে ২০১৩-১৪ সালে ব্যাপক সমালোচনার মুখে পরেছিল প্রতিষ্ঠানটি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ৬ লাখ ডলার জরিমানা গুণে এবার ওয়াই-ফাই ব্লক করার সিদ্ধান্ত বাতিল করলো প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রাথমিক অবস্থায় কনফারেন্স রুম ও মিটিং হলে ওয়াই-ফাই ব্লক করা হচ্ছে বলে জানিয়েছিল হোটেল কর্তৃপক্ষ।
পরবর্তীতে গণমাধ্যম ও গ্রাহকদের প্রবল অসন্তোষের মুখে প্রতিষ্ঠানটি তাদের এ সংক্রান্ত নীতিমালা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ম্যারয়িট ইন্টারন্যাশনাল গ্রাহকদের কথা বিবেচনা করে এবং এখন থেকে আর তাদের পরিচালিত কোনো হোটেলে অতিথিদের ব্যক্তিগত ওয়াই-ফাই ডিভাইস ব্লক করবে না।
তবে নীতিমালাতে পরিবর্তন আনলেও, এর সুযোগ যাতে হ্যাকাররা নিতে না পারেন, সেজন্য এফসিসি’র সঙ্গে কাজ করার পাশাপাশি ‘উপযুক্ত সমাধান’ পাওয়ার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও অন্যান্যদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে ম্যারিয়ট।
