গুগল গ্লাসের দায়িত্বে আইপড জনক!
মার্কিন টেক জায়ান্ট গুগলের ‘ওয়্যারেবল হেডসেট কম্পিউটার’ গুগল গ্লাসের গবেষণা বিভাগের দায়িত্ব নিচ্ছেন ‘আইপড জনক’ হিসেবে পরিচিত অ্যাপলের সাবেক প্রকৌশলী টনি ফ্যাডেল।
বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ‘গুগল এক্স’ রিসার্চ ল্যাব থেকে গুগল গ্লাসের গবেষণা বিভাগ আলাদা করার পরিকল্পনা করছে গুগল। স্বাধীন গুগল গ্লাস বিভাগের নেতৃত্ব দেবেন আইভি রস, সরাসরি ফ্যাডেলের অধীনে কাজ করবেন তিনি। আর গুগল গ্লাস নিয়ে ‘কৌশলগত দিক নির্দেশনা’ দেবেন ফ্যাডেল।
একসময়ে বহুল আলোচিত হলেও বর্তমানে গুগল গ্লাসকে বিবেচনা করা হয়ে থাকে গুগলের ব্যর্থ পণ্যগুলোর অন্যতম হিসেবে। ডেভেলপারদের কাছ থেকে সাড়া না পেয়ে ডিভাইসটি বড় পরিসরে বাজারজাত করার দিন বারবার পিছিয়ে দিয়েছে গুগল।
বাজারে এই ব্যর্থতার মধ্যেও গুগল গ্লাস ঘিরে আবারও গুঞ্জনের সৃষ্টি করেছে দৃশ্যপটে টনি ফ্যাডেলের ‘আগমন’। বাজারে একের পর এক ব্যর্থতায় প্রযুক্তিপণ্য নির্মাতা হিসেবে হালের ‘সর্বশক্তিমান’ অ্যাপল যখন দেউলিয়া হওয়ার পথে, তখন প্রতিষ্ঠানটির ভাগ্যের মোড় ঘুরিয়ে দেওয়া আইপডের জনক হিসেবে বিবেচনা করা হয় টনি ফ্যাডেলকে।
২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ফ্যাডেল। আইপডের প্রথমদিককার সংস্করণগুলোতে ছিল তার প্রত্যক্ষ অবদান। পরবর্তীতে অ্যাপল ছেড়ে স্মার্ট থার্মোস্ট্যাট নির্মাতা প্রতিষ্ঠার ‘নেস্ট ল্যাবস’ প্রতিষ্ঠা করেন তিনি। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি কিনে নেয় গুগল।
