২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রগরগে ভিডিওতে সতর্কতা ফেইসবুকের

‘রগরগে’ বিষয়ভিত্তিক ভিডিওগুলো চালু করার আগে দর্শককে সতর্ক করে দেওয়ার নতুন ফিচার চালু করেছে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক। ভিডিওগুলো দর্শককে ‘আঘাত, ক্ষুব্ধ এবং বিপর্যস্ত’ করতে পারে-- বলা হয়েছে ঐ সতর্কবাণীতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 05:27 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শুধু ভিডিওই নয়, ছবির ক্ষেত্রেও ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের এই সতর্কবার্তা দেখাচ্ছে ফেইসবুক। নতুন ফিচারে নিউজ ফিডে এলেও স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না এই ভিডিওগুলো, ক্লিক করলে তবেই চলবে।

এ প্রসঙ্গে ফেইসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ফেইসবুকে ব্যবহারকারীরা কিছু শেয়ার করলে তা তারা দায়িত্ববোধ নিয়ে শেয়ার করছেন এমনটাই প্রত্যাশা করেন তারা।

ফেইসবুকের ওই মুখপাত্র আরও জানান, আপলোডারদের তারা শেয়ারকৃত কনটেন্টে কী রয়েছে সে ব্যাপারে দর্শকদের সতর্ক করে দিতে বলছেন। তারপরেও যখন তাদের কাছে অপ্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী নয় বা ব্যক্তি অনুভূতীতে আঘাত করতে পারে এমন গ্রাফিক কনটেন্টের ব্যাপারে ‘রিপোর্ট’ আসে তখন তারা সেগুলোতে সতর্কবার্তা যোগ করে দেন।

প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা এ প্রক্রিয়াটিকে আরও উন্নত করার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন তিনি।