২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকিংয়ের ক্ষতি সামলে নিয়েছে সনি

সাইবার হামলার কারণে সৃষ্ট আর্থিক ক্ষতির খেসারত দিতে হবে না সনি পিকচার্সকে, এমনকি প্রতিষ্ঠানটির প্রযোজিত সিনেমাগুলোতেও এর প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন সনি পিকচার্সের প্রধান নির্বাহী মাইকেল লিন্টন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 03:02 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, সাইবার হামলার পর এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি প্রতিষ্ঠানটি।

বিভিন্ন সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, হ্যাকিংয়ের কারণে সনি পিকচার্সের প্রায় দশ কোটি ডলার ক্ষতি হয়েছে। কিন্তু লিন্টন এ প্রসঙ্গে জানিয়েছেন, হ্যাকিং সংক্রান্ত সব খরচ বীমা প্রতিষ্ঠান বহন করবে। এ ছাড়াও তিনি জানান, মানুষ যা কল্পনা করছে তার চেয়েও অনেক কম আর্থিক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটির।

সাইবার আক্রমণের শিকার হবার পরপরই প্রতিষ্ঠানটি তাদের পুরো স্টুডিও অফলাইনে নিয়ে এসেছিল। এ প্রসঙ্গে লিন্টন জানিয়েছেন, কর্মচারীরা বর্তমানে কোনো ইমেইল বা অভ্যন্তরীন নেটওয়ার্ক ছাড়াই ফ্যাক্স এবং টেলিফোনের সাহায্যে কাজ করছেন। প্রতিষ্ঠানটির ইমেইল আগামী সপ্তাহ নাগাদ অনলাইনে চলে আসার সম্ভাবনা থাকলেও সম্পূর্ণ নেটওয়ার্ক কার‌্যকর করতে আরও তিন থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।

সনি পিকচার্স হ্যাকিংয়ের জন্য উত্তর কোরিয়া দায়ী-- যুক্তরাষ্ট্র সরকার এমন দাবি করলেও লিন্টন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বলেই জানিয়েছে সিনেট।