২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের জন্য বেসিসের নতুন ফোরাম

বাংলাদেশে আইটি খাতের প্রতিষ্ঠান আর শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব কমাতে ‘বেসিস স্টুডেন্ট ফোরাম’ গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ অ্যাসোসিয়শন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ১০ জানুয়ারি রাজধানীর কাওরান বাজারে অবস্থিত বেসিস অডিটোরিয়ামে ‘বেসিস স্টুডেন্টস ফোরাম’-এর ঘোষণা দেন সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রজুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 05:40 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

বেসিস অডিটোরিয়ামে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্টুডেন্টস ফোরামের আনুষ্ঠানিক ঘোষণা দেন বেসিস সভাপতি শামীম আহসান। বেসিস কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেসিস সহ-সভাপতি রাসেল টি আহমেদ, মহাসচিব উত্তম কুমার পাল, সহ-সভাপতি রাশিদুল হাসান, বেসিস পরিচালক ও বেসিস স্টুডেন্টস ফোরাম আহ্বায়ক আরিফুল হাসান অপু।

তথ্য প্রযুক্তি খাতের জন্য দক্ষ ও পর্যাপ্ত জনশক্তি তৈরি করতে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব কমিয়ে আনতেই এই ফোরাম গঠন করা হয়েছে বলে অনুষ্ঠানে জানান বেসিস সভাপতি শামীম আহসান।

শুধু আইটি বিষয়ের শিক্ষার্থী নন, যে কোনো বিষয়ের শিক্ষার্থীই ফোরামে যুক্ত হতে পারবেন বলে জানান শামীম আহসান। আইটি খাতে কাজ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা এই ফেরাম থেকে উপকৃত হবেন বলে তিনি আশাবাদ করেন।

এরমধ্যেই কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বেসিস স্টুডেন্টস ফোরাম গঠন করা হয়েছে। আরও ৩০টি বিশ্ববিদ্যালয়ে ফোরাম গঠনের কাজ চলছে বলে জানিয়েছে বেসিস। প্রতি বিশ্ববিদ্যালয়ের ফোরামে একজন মেন্টর, একজন সংগঠক ও ২ জন ছাত্রী সহ ৭ জন নির্বাহী সদস্য থাকবে বলে জানান ফোরামের আহ্বাবায়ক আরিফুল হাসান অপু।

বেসিস স্টুডেন্টস ফোরামে যুক্ত হতে শিক্ষার্থীরা http://studentsforum.basis.org.bd/ ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন।