ব্যাপক মুনাফা ধসে স্যামসাং
২০১৪ সালের শেষ তিন মাসে ব্যবসায়িক মুনাফার পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ হ্রাস পাবে বলে আশঙ্কা করছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘উদ্ভাবনী শক্তির’ জন্য গর্ব করে স্যামসাং। কিন্তু বিশ্বের শীর্ষ টেলিভিশন ও মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটির বর্তমান ডিভাইসগুলো ‘কেবল পুরনো মডেলের উন্নত সংস্করণ’।
২০১৪ সালের শেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন জানুয়ারি মাসের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিবিসি।
প্রতিযোগিতায় টিকে থাকতে চাইলে নতুন পণ্য ও প্রযুক্তি উদ্ভাবনে স্যামসাংয়ের মনোযোগী হওয়া উচিত বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
অন্যদিকে স্বল্পদামের স্মার্টফোনের বাজারেও একচ্ছত্র দখল হারিয়েছে স্যামসাং। বিশেষ করে বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোনের বাজার চীনে ২০১৪ সালে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে স্যামসাংকে।
এমনকি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোও কম দামের ডিভাইসগুলোর বিপরীতে বাজার হারাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
