স্মার্ট থিংস-এ হাব, সেন্সর ও সাবস্ক্রিপশন
নতুন হাব, সেন্সর ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা নিয়ে আসার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান স্মার্ট থিংস।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ২০১৪ সালের অগাস্টে ২০ কোটি ডলারে ‘স্মার্ট থিংস’ প্রতিষ্ঠানটিকে কিনে নেয় স্যামসাং।
কোনো প্রকার ইন্টারনেট সংযোগ ও পাওয়ার না থাকা সত্ত্বেও ব্যবহারকারী যাতে কাজ চালিয়ে যেতে পারেন সে জন্য স্মার্ট থিংস তাদের আসন্ন এ হাবটিতে আরও শক্তিশালী প্রসেসর, লোকাল অ্যাপ ইঞ্জিন, বিল্ট-ইন ব্যাকআপ ব্যাটারি পাওয়ার ব্যবহার করেছে। এছাড়া হাবটিতে ব্লটুথ স্মার্ট ব্যবহার করে সেলুলার কানেক্টিভিটি অপশনও বাড়ানো হয়েছে।
নতুন হাবের পাশাপাশি নিজ কোর সেন্সরের ক্ষুদ্র সংস্করণও নিয়ে আসছে স্মার্ট থিংস। নতুন এই থার্ড পার্টি সেন্সরটি নেটগিয়ার, ওয়াই-ফাই ক্যামেরা, হানিওয়েল থার্মোস্ট্যাট, ফিলিপস হিউ বাল্ব, অগাস্ট লক, চেম্বারলেইন গ্যারাজ ডোর ওপেনার এবং স্যামসাংয়ের সব গৃহস্থালি প্রযুক্তিপণ্যের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলতে পারবে। ব্যবহারকারীরা স্যামসাংয়ের গিয়ার এস এবং স্মার্ট টিভির নতুন অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিজ স্মার্ট থিংস ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন।
এগুলো ছাড়াও স্মার্ট থিংস নিজেদের প্রথম প্রিমিয়াম সাবস্ক্রিপশান সেবা আনার ঘোষণা দিয়েছে। সেবাটি ব্যবহারকারীকে আরও উন্নত পর্যবেক্ষণ করার সুযোগ করে দেবে। এ প্রসঙ্গে স্যামসাং জানিয়েছে, স্মার্ট থিংস এ সেবাটির মাধ্যমে বাসার নানাবিধ সমস্যা থেকে শুরু করে আগুন ও বন্যার মতো দুর্যোগের ব্যাপারেও ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে টেক্সট মেসেজ পাঠাবে। এটিতে ক্যামেরার জন্য বিল্ট-ইন ডিভিআর সেবা যোগ করা হয়েছে বলেই জানিয়েছে স্যামসাং।
স্মার্ট থিংসের নতুন হাব, সেন্সর ও প্রিমিয়াম সাবস্ক্রিশান সেবা ২০১৫ সালের এপ্রিল নাগাদ যুক্তরাষ্ট্র ও কানাডায় পাওয়া যাবে বলে জানিয়েছে ম্যাশএবল।
