এবার লেনোভোর ফোন ৬৪-বিট
নতুন পি৯০ মডেলের স্মার্টফোনে ইনটেলের ৬৪-বিটের অ্যাটম প্রসেসর ব্যবহার করছে লেনোভো। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলতি ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০১৫’-তে নতুন এই স্মার্টফোন উন্মোচন করেছে চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
চিপ নির্মাতা হিসেবে ইনটেল ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে বেশ অনেকদিন ধরেই। সেই তুলনায় স্মার্টফোনের বাজারে মার্কিন এই কম্পিউটার চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির উপস্থিতি নেহাতই কম। প্রতিষ্ঠানটি এবার লেনোভোর সঙ্গে আঁটঘাট বেঁধেই স্মার্টফোন বাজারে নামছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল ডটকম।
ইনটেলের প্রসেসর ছাড়াও পি৯০-তে আছে ৫.৫ ইঞ্চির এফএইচডি ডিসপ্লে, ১৩ মোগাপিক্সেলের ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩২ জিবি ইন্টারনাল মেমরি, ২ জিবি র্যাম এবং ৪ হাজার মিলিঅ্যাম্প-আওয়ার ব্যাটারি।
আইফোনে নিজেদের ডিজাইন করা চিপ ব্যবহার করে অ্যাপল। বাজারের অন্য স্মার্টফোনগুলোতে কোয়ালকম প্রসেসরের উপস্থিতিই বেশি। লেনোভোর পি৯০-তে ইন্টেলের প্রসেসর ব্যবহার বড় কোনো পদক্ষেপ মনে না হলেও, স্মার্টফোন বাজারে জায়গা করে নিতে ইনটেলকে সাহায্য করবে পদক্ষেপটি-- মন্তব্য ম্যাশএবলের।
লাল, কালো ও সাদা এই তিনটি রংয়ে পাওয়া যাবে লেনোভো পি৯০। দাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও আগামী মাসে হ্যান্ডসেটটি বাজারে আসবে বলে জানিয়েছে ম্যাশএবল।
