সনির নতুন অ্যান্ড্রয়েড ওয়াকম্যান ‘জেডএক্স২’
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলতি কনজিউমার ইলেক্ট্রনিক্স শো (সিইএস) ২০১৫-তে নতুন অ্যান্ড্রয়েড ওয়াকম্যান ‘জেডএক্স২’ উন্মোচন করেছে জাপানি প্রযুক্তিপণ্য নির্মাতা সনি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্মার্টফোনের মতোই টাচস্ক্রিন আছে জেডএক্স২-এ, চলবে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন অপারেটিং সিস্টেমে। আছে ওয়াইফাই, এনএফসি এবং ব্লুটুথ সংযোগ সুবিধা।
তবে ডিভাইসটির সবেচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হল এর এস-মাস্টার এইচএক্স প্রসেসর, যা ব্যবহারকারীকে হাই-রেজুলিউশন অডিও সেবা দেবে। তবে ওই অডিও শুনতে হলে ব্যবহাকারীকে অবশ্যই ব্যবহার করতে হবে হাই-রেজুলিউশনের হেডফোন বা স্পিকার। চলবে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপ।
একটানা ৬০ ঘন্টা গান শোনা যাবে জেডএক্স২-এ। ১২৮ জিবি ইন্টারনাল মেমোরির সঙ্গে আছে বাড়তি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা। দাম হবে ১ হাজার ২০০ ডলার।
