রুয়েটে রোবোটুর ও প্রোগ্রামিং প্রতিযোগিতা
রোবোটুর ও প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ ও ইনস্টিটিউট অফ ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) রুয়েট ছাত্র শাখা। ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
রোবটিক্স প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একশ’টি দল অংশ নেবে বলে জানিয়েছেন আইইইই রুয়েট ছাত্র শাখার ভাইস চেয়ারপার্সন সাখাওয়াত হোসেন। প্রোগ্রামিং প্রতিযোগিতার দুই ক্যাটেগরিতে ২৮টি দল অংশ নেবে বলে জানান তিনি।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে থাকবেন রুয়েট উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল আলম বেগ। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচশ’ অংশগ্রহনকারী।
প্রতিযোগিতার পাশাপাশি রোবটিক্স, প্রোগ্রামিং এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়েও বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান সাখাওয়াত।
