২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

এবার নরেন্দ্র মোদীর মন্তব্য মুছে দিলো চীনা উইচ্যাট

সাম্প্রতিক সীমান্ত সংঘাত নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য এবং ভারতীয় আনুষ্ঠানিক বিবৃতি মুছে দিয়েছে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2020, 06:11 PM

Updated : 10 Oct 2022, 07:14 PM

Image
ছবি: রয়টার্স
Image
ছবি: উইচ্যাট

জুনের ১৮ তারিখ সীমান্ত সংঘাত বিষয়ে মন্তব্য করেছিলেন মোদী। বর্তমানে ওই মন্তব্য দেখতে পাচ্ছেন না উইচ্যাট ব্যবহারকারীরা। এর বদলে উইচ্যাটের পক্ষ থেকে একটি মেসেজ ঝুলিয়ে রাখা হয়েছে সেখানে। -- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

উইচ্যাটের মেসেজে লেখা রয়েছে, “নিয়ম লঙ্ঘন করায় এই কনটেন্ট দেখানো সম্ভব হচ্ছে না।”

Image
ছবি: উইচ্যাট

ছবি: উইচ্যাট

শুধু ভারতীয় প্রধানমন্ত্রীর মন্তব্যই নয়, সীমান্ত সংঘাত প্রশ্নে এমইএ মুখপাত্র আনুরাগ শ্রিভাস্তাভ-এর আনুষ্ঠানিক বিবৃতিও অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্ট থেকে মুছে দিয়েছে প্রতিষ্ঠানটি।  

গত সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় ‘লাইন অফ অ্যাকচুয়াল কনট্রোল’ (এলএসি) এর কাছে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত ও ৭৬ জন আহত হন বলে জানিয়েছে ভারতীয় বাহিনী।

ওই ঘটনার পর মোদী জানিয়েছিলেন, ভারত শান্তি কামনা করে, তবে প্রয়োজনে উপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতাও রাখে। আইএএনএস বলছে, মেসেজটি মুছে দিয়েছে উইচ্যাট।

চীনা সামাজিক মাধ্যম সিনা উইবো-তেও অ্যাকাউন্ট রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২০১৫ সালে চীন সফরের আগে অ্যাকাউন্টটি খুলেছিলেন তিনি। সিনা উইবো মূলত টুইটারের মতো মাইক্রোব্লগিং সাইট।