আইওএস-এ আসছে নতুন ইমোজি
আইওএস-এর নতুন সংস্করণে আসছে নতুন ইমোজি প্যাক।
চলতি বছরের শেষভাগে আইফোন ৫ ও পরবর্তী সংস্করণগুলো, আইপ্যাড এয়ার, আইপ্যাড প্রো, আইপ্যাড ফোর্থ জেনারেশন, আইপ্যাড মিনি ও পরবর্তী সংস্করণগুলো এবং আইপড টাচ সিক্সথ জেনারেশনের জন্য আসন্ন আইওএস ১০-এ অ্যাপলের নতুন চারটি ইমোজি স্টিকার প্যাক থাকবে বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
নতুন এ ইমোজি প্যাকগুলো হচ্ছে 'থ্রিডি স্মাইলি', গোটা একটি 'হার্ট অ্যানিমেশন' স্টিকার প্যাক, পুরানো ধাঁচের ত্রিমাত্রিক গ্রে-স্কেল 'হ্যান্ড সাইনস' স্টিকার প্যাক এবং 'ওল্ড-স্কুল ম্যাক আইকনস'।
এ ছাড়াও এতে থার্ড-পার্টি ইমোজি অ্যাপ ব্যবহারের সুযোগও থাকছে।
এতে আরও থাকছে মেসেজে লেখা বক্তব্যের ওপর ভিত্তি করে ইমোজি প্রেডিকশন এবং মজার ফিচার 'ইনভিজিবল ইঙ্ক', যা শুধু সোয়াইপ করার পরই দেখা যাবে। অন্যান্য আপডেটের মধ্যে থাকছে অ্যানিমেশন, হাতে লেখা নোট এবং বাবল ইফেক্ট।
এ আপডেইট প্রসঙ্গে ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলাপারস' কনফারেন্স-এ অ্যাপল জানায়, নতুন এ সফটওয়্যার আপডেটের মাধ্যমে "আরও ব্যাপক প্রকাশভঙ্গি এবং অ্যানিমেটেড উপায়ে বন্ধু এবং পরিবারের সঙ্গে মেসেজ চালাচালি করা যাবে।"
