ভিডিও দেখে শিখছে রোবট
মানুষের দৈনন্দিন কাজকর্ম যাতে ভবিষ্যতে রোবটের মাধ্যমেই করানো সম্ভব হয়, সে লক্ষ্যে ভিডিও দেখানো হচ্ছে রোবটদের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বিজ্ঞানীরা ইউটিউব ভিডিও দেখানোর মাধ্যমে রোবটদের শেখাচ্ছেন ধাপে ধাপে কীভাবে কাজ সম্পন্ন করতে হয়।
ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, নিউ ইয়র্ক-এর কর্নেল ইউনিভার্সিটির গবেষকরা ‘রোবট ওয়াচ’ নামের এক প্রকল্পের আওতায় রোবটকে ইউটিউব-এ থাকা বিভিন্ন কাজ কীভাবে করতে হয়, সে ভিডিওগুলো দেখাচ্ছেন।
প্রচলিত প্রক্রিয়ায় সাধারণত রোবটদের নির্দিষ্ট কোনো বস্তুর ছবি দেখিয়ে, সেটিকে চিহ্নিত করার মাধ্যমে শেখানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে। কিন্তু নতুন এই পদ্ধতিতে ‘রোবট মস্তিষ্ক’ যেকোনো ভিডিও-এর প্রতিটি ফ্রেম স্ক্যান করে নেবে এবং সাবটাইটেল-এর সাহায্যে যেকোনো কাজ সম্পন্নের সাধারণ নিয়মাবলী খুঁজে বের করে তা নিজেই করতে পারবে।
এ ছাড়াও নতুন এ প্রক্রিয়ায় কোনো অপরিচিত কাজের সম্মুখীন হলেও নিজ ডেটাবেইজে সংরক্ষিত ভিডিও থেকে অপরিচিত কাজের ভিডিও খুঁজে বের করে কাজটি সম্পন্ন করতে পারবে রোবট।
তথ্য অনুসন্ধানের ক্ষেত্র বাড়ানোর জন্য ভবিষ্যতে রোবট ‘মস্তিষ্কে’ উইকিপিডিয়ার মতো কার্যকরী উৎস যোগ করা যেতে পারে বলে মন্তব্য করেছে টাইমস অফ ইন্ডিয়া। অন্য একটি গবেষণায় আবার রোবটকে মৌখিক নির্দেশনার মাধ্যমে কাজ শেখানো হচ্ছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
