অনলাইন চিকিৎসা কতটুকু নির্ভরযোগ্য?
বর্তমানে অনলাইনে চিকিৎসা সেবা ও উপদেশ দিতে বিভিন্ন রকম সাইট চালু করা আছে। সেখানে বিভিন্ন শারীরিক সমস্যায় রোগীরা চিকিৎসকদের মতামতও নিচ্ছেন। কিন্তু একজন নিয়মিত চিকিৎসকের চেয়ে এই অনলাইন চিকিৎসক আদৌ নির্ভরযোগ্য কিনা তা নিয়ে অনুসন্ধান চালিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক ভারতীয় দৈনিক ইকোনমিক টাইমস।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, অনলাইনে যেসব চিকিৎসক চিকিৎসাসেবা দিচ্ছেন, তারা অফলাইনেও আছেন কিনা তা যাচাই করা, এর বাজারদর এবং সরাসরি একজন নিয়মিত চিকিৎসকের কাছে গিয়ে সঠিকভাবে রোগ নির্ণয়ের প্রয়োজনীয়তা নিয়েও এই অনুসন্ধান চালানো হয়।
মুম্বাইয়ের ফোর্টিস হাসপাতালের ক্যান্সার অস্ত্রোপাচার বিশেষজ্ঞ অনিল হেরুর-এর মতে, রোগীকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা না করে কোনো ওষুধ সেবনের পরামর্শ দেওয়া উচিৎ নয়। তার ভাষ্যমতে, একজন ক্যান্সার রোগীকে কেমোথেরাপি নিতে হবে এটা বলা যায়। কিন্তু তাকে শারীরিক পর্যবেক্ষণ করা ছাড়াই ওষুধ দেওয়া যায় না। কিন্তু অনেকেই খরচের কথা ভেবে অনলাইন চিকিৎসা সেবা নিতে আগ্রহী হন। অনলাইনে চিকিৎসকের উপদেশ নিতে ১০০ রুপিরও কম খরচ হয়। অন্যদিকে, নিয়মিত ডাক্তারের ফি কমপক্ষে ২০০ রুপি। এছাড়াও চিকিৎসকের চেম্বারে আসা যাওয়ার খরচ তো আছেই।
কিন্তু সস্তায় পাওয়া সেবা কার্যকরী নাও হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, সবচেয়ে বেশি হলে ঠাণ্ডা-জ্বরের মতো অসুখগুলোর ক্ষেত্রে অনলাইন চিকিৎসা সেবা নেওয়া যেতে পারে। কিন্তু এক্ষেত্রেও একজন পারিবারিক চিকিৎসকের মতামত নেওয়া উচিৎ।
জাসলোক হসপিটালের চিকিৎসক আভা নাগরাল বলেন, “রোগীকে শারীরিক পর্যবেক্ষণ করা প্রয়োজন। এটি ছাড়া সঠিকভাবে রোগ নির্ণয় করা সম্ভব নয়।”
অনলাইন চিকিৎসা সেবা গ্রহণের আগে সকলেরই দ্বিতীয়বার ভাবা উচিৎ। কেননা ওষুধ বা উপদেশের ফলে কোন কাজ না হলে কিংবা কোনো নেতিবাচক প্রভাব দেখা গেলে অনলাইন সাইট দায় নিবেনা।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব কে. কে. আগারওয়াল মনে করেন, যে সব রোগীরা অনলাইন চিকিৎসা নেবেন তারা যেন সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকেন।
অনেক সময় অনভিজ্ঞ অনেক চিকিৎসকই এই সকল অনলাইন পোর্টালগুলোতে কাজ করেন। রোগীর প্রতি তাদের সবার মূল্যবোধ ও দায়িত্ববোধ সমান থাকেনা। ফলে রোগীরা নানা রকম সমস্যার সম্মুখীন হন। তাই, এ সেবা গ্রহণের আগে রোগীর উচিৎ ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, এমনটাই মনে করছে সংবাদমাধ্যমটি।
