২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রতিষ্ঠান কিনল ওরাকল

স্ট্যাকইঞ্জিন ইনকর্পোরেটেড নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান কিনেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 07:29 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

সবসময় পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তি বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে প্রতিষ্ঠানটির জন্য এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

যুক্তরাজ্যের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ছিল স্ট্যাকইঞ্জিন ইনকর্পোরেটেড। মালিকানা হাতবদলের চুক্তির কোনো খুঁটিনাটি তথ্য প্রকাশ করেনি ওরাকল। তবে ‘ওরাকল পাবলিক ক্লাউড’ খাতে কাজ করবে প্রতিষ্ঠানটি, যা কৌশলগত দিক থেকে ওরাকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

কনটেইনার হচ্ছে একটি সফটওয়্যার, যা একটি কম্পিউটারে কোনো অপারেটিং সিস্টেমের একাধিক কপি চালাতে সফটওয়্যার ডেভেলপারদের সহায়তা করে। এই সফটওয়্যারের উপর ভিত্তি করে একটি নতুন প্রজন্মের ক্লাউড সেবা বিক্রিতে ওরাকলকে এগিয়ে নেবে স্ট্যাকইঞ্জিন--জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল।

২০১৩ সালের শুরুতে কনটেইনার ডকার প্রযুক্তির মাধ্যমে এই ধারণা জনপ্রিয় করেছে ডকার নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। অন্যান্য প্রযুক্তি জায়ান্টগুলো যখন একে গুরুত্ব দিচ্ছে তখন তাদের সঙ্গে তাল মেলাতে এই ক্রয় ওরাকলকে সহায়তা করতে পারবে।

আইবিএম, মাইক্রোসফট, অ্যামাজনসহ ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ২০১৪ সালে ডকারভিত্তিক সফটওয়্যার ও সেবা সরবরাহ করেছে বলে জানিয়েছেন ডকারের পণ্যবিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট স্কট জনস্টন।

স্ট্যাকইঞ্জিনকে অস্টিনেই রাখতে চায় ওরাকল, সেখানে স্টার্টআপটির কর্মীরা ওরাকল ক্লাউড-কম্পিউটিং পণ্যের জন্য নতুন ফিচার বানাবে। স্ট্যাকইঞ্জিনের বানানো কন্টেইনার ব্যবস্থাপনা সফটওয়্যার ওরাকলের কনটেইনার সেবায় ব্যবহার করা হবে। এটি ‘এন্টারপ্রাইজ কম্পিউটিং-এর একটি গুরুত্বপূর্ণ অংশ’ হবে বলে জানান ওরাকলের ক্লাউড ডেভেলপমেন্ট-এর ভাইস প্রেসিডেন্ট পিটার ম্যাগনুসন।

স্ট্যাকইঞ্জিনের প্রযুক্তি ওরাকলের ক্লাউড সেবায় কর্পোরেট গ্রাহকদের আকৃষ্ট করতে সহায়তা করবে।