শেয়ার মালিকদের ক্ষমতা বাড়ালো অ্যাপল
শেয়ার মালিকদের হাতে পরিচালনা পর্ষদের সদস্য মনোনয়নের অধিকার দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ইনকর্পোরেটেড।
তিন বছর ধরে অন্তত ৩ শতাংশ শেয়ারের মালিক হয়ে আছেন এমন শেয়ার মালিকরা পরিচালক পদের জন্য মনোনয়ন দিতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চলতি বছর অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাইক্রোসফট কর্পোরেশন, স্টেপলস ইনকর্পোরেটেড, বিগ লটস ইনকর্পোরেটেড ও হোয়াইটিং পেট্রোলিয়াম কর্পোরেশন ‘প্রক্সি অ্যাক্সেস’ নামের নতুন নিয়ম চালু করেছে বলে জানিয়েছে রয়টার্স। ‘প্রক্সি অ্যাক্সেস’ প্রক্রিয়ায় পরিচালক পদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া মনোনয়নের বিপরীতে নিজেদের পছন্দের ব্যক্তিকে মনোনয়ন দিতে পারবেন শেয়ার মালিকরা।
মঙ্গলবার অ্যাপল জানিয়েছে, নতুন নিয়মের অধীনে সর্বোচ্চ ২০ জন শেয়ারধারী পরিচালনা পর্ষদের এক-পঞ্চমাংশ পর্যন্ত নিজেদের পছন্দে মনোনয়ন দিতে পারবেন।
অ্যাপলের পরিচালনা পর্ষদে বর্তমানে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এবং ওয়াল্ট ডিজনির প্রধান নির্বাহী বব আইগারসহ আটজন সদস্য রয়েছেন।
সম্প্রতি অ্যাপল ওয়াচ প্রকল্পের প্রধান জেফ উইলিয়ামসকে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) পদের দায়িত্ব দেওয়া হয়। ২০১১ সালে টিম কুক অ্যাপল-এর প্রধান নির্বাহী পদে যোগ দেওয়ার পর থেকে খালি ছিল মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির ওই পদ।
