পুনর্গঠন আলোচনায় বসছে তোশিবা
সোমবার নিজেদের প্রতিষ্ঠান পুনর্গঠনের আলোচনায় বসার ঘোষণা দিয়েছে তোশিবা কর্পোরেশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই আর্থিক বছর শেষ হওয়ার আগেই কী করা সম্ভব তা বিবেচনা করবেন তারা এবং ঘোষণা করতে পারেন আর্থিক ফলাফলে পুনর্গঠন কী প্রভাব ফেলতে পারে।
তবে বিষয়টি আর্থিক ফলাফলে ভাল কোনো প্রভাব ফেলবে না বলেই আশঙ্কা করছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক জাপানি দৈনিক নিককেই।
এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স ব্যবসা-বাণিজ্যবিষয়ক জাপানি দৈনিক নিককেই-এর বরাত দিয়ে জানিয়েছে, প্রতিষ্ঠানটি এ আর্থিক বছরে রেকর্ড পরিমাণ ক্ষতির মুখে পড়তে যাচ্ছে।
অনুমান করা হচ্ছে, এই আর্থিক বছরে প্রায় ৪১৩ কোটি ডলার ক্ষতি হতে পারে প্রতিষ্ঠানটির। এই ক্ষতির পেছনে অন্যতম ভূমিকা পালন করবে প্রতিষ্ঠানটির পুনর্গঠন খরচ।
টানা সাত বছর মুনাফার পরিমাণ বাড়িয়ে বলে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল প্রতিষ্ঠানটি। তারপর থেকে আর যেন সোজা হয়ে দাঁড়াতেই পারছে না জাপানি এই ইলেকট্রনিক্স পণ্য নির্মানে এক সময়ের শীর্ষ প্রতিষ্ঠানটি। সোমবার প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে আরও ৯ শতাংশ।
প্রতিষ্ঠানটির ব্যবসা ল্যাপটপ থেকে পরমাণু শক্তি পর্যন্ত বিস্তৃত। কিন্তু আর্থিক কেলেঙ্কারির পর থেকে কর্মী ছাটাইয়ের পরিকল্পনা থেকে শুরু করে নিজেদের উৎপাদনও কমিয়ে আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু কোনো কিছুই যেন ঠিক ব্যাটে বলে মিলছে না। অন্যদিকে ইতোমধ্যেই নিজ ইমেজ সেন্সর ব্যবসা অপর জাপানি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা সনির কাছে বিক্রি করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির আর্থিক বছর শেষ হবে ২০১৬ সালের মার্চ মাসে। এখন সময়ই ভালো বলতে পারবে কী রয়েছে প্রতিষ্ঠানটির ভাগ্যে।
