এবিসি-তে গুগল নির্বাহী
প্রথমবারের মতো প্রতিষ্ঠান প্রধান হিসেবে কোনো নারীকে নিয়োগ দিল অস্ট্রেলীয় সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)। আর এ পদে অভিষিক্ত হয়েছেন এতদিন ওয়েব জায়ান্ট গুগলে কাজ করা মিশেল গাথরি।
এর আগে সাবেক এই মিডিয়া ও প্রযুক্তিবিষয়ক আইনজীবী অস্ট্রেলীয় টভি চ্যানেল ফক্সটেল, ব্রিটিশ স্কাই ব্রডকাস্টিং (বিস্কাইবি) ও এশীয় টিভি চ্যানেল স্টার টিভিতে কাজ করেছেন। এবার সরকারি সমালোচনা আর কর্মী ছাটাঁইয়ের একটি বাজে সময় পার করা এবিসি-এর শীর্ষ পদে তিনি যোগ দিলেন বলেন জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ইয়াহু নিউজ।
এ বিষয়ে এবিসি চেয়ারম্যান জিম স্পিগেলম্যান বলেন, “শক্তিশালী কনটেন্ট, কাজ পরিচালনা আর আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ মিডিয়া প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের কাজের অভিজ্ঞতা নিয়ে মিশেল একজন ব্যাতিক্রমী মিডিয়া পেশাদার। সিডনিতে বড় হয়ে এখানের আর বিশ্বের অন্যান্য জায়গায় উচ্চপদে কাজ করা মিশেল তার এই পদে অসাধারণ স্থানীয় ও আন্তর্জাতিক মর্যাদা আনবেন।”
বর্তমানে এই পদে নিয়োজিত আছেন মার্ক স্কট। ২০১৬ সালের মে মাসে তার অবসরের পর অস্ট্রেলিয়ার মিডিয়া জগতের অন্যতম শীর্ষ এই পদে আসীন হবেন মিশেল।
নিজের নতুন পদে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, “এবিসি-এর সঙ্গে বড় হয়েছি আর শেষ তিন দশক ধরে এর একজন পেশাদার পর্যবেক্ষক হয়ে আছি, অস্ট্রেলিয়া আর বিশ্বব্যাপী প্রচারিত হওয়া এই জাতীয় সম্প্রচার মাধ্যমের এই গুরুত্বপূর্ণ পদের প্রতি আমি গভীর সম্মান রাখি।”
তিনি এবিসি-তে ‘বামপন্থাপ্রেমি’ আচরণ করবেন, মিশেলকে এই পদে নিয়োগের ঘোষণা দেওয়ার আগ মূহুর্তে এমন সতর্কবার্তা দেন দেশটির সাবেক মন্ত্রী ও লিবারেল সিনেটর এরিক অ্যাবেটজ।
২০১১ সালে পার্টনার বিজনেস সলিউশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ গুগলে যোগ দেন মিশেল। বর্তমানে তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠানটির সিঙ্গাপুর কার্যালয়ে কর্মরত আছেন।
