পৌর নির্বাচন নিয়ে ইলেকশন হ্যাকাথন
চলতি বছর ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের সহায়ক মোবাইল ও ওয়েব অ্যাপ নিয়ে ঢাকায় শুরু হল ইলেকশন হ্যাকাথন। এতে তরুণ প্রতিযোগিদের পৌর নির্বাচনে ভোটারদের সহায়ক মোবাইল ও ওয়েব অ্যাপ তৈরি করতে হবে। ২০ ডিসেম্বর সকাল ১০টায় গুলশানের সিক্স সিজন হোটেলে শুরু হয় দুইদিন ব্যাপী এই আয়োজন।
অনুষ্ঠানের কো-অর্ডিনেটর রায়হান আদনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইলেকশন হ্যাকাথন আয়োজনের অন্যতম উদ্দেশ্য নির্বাচন সম্পর্কে তরুণ ও ভোটাদের সচেতন করা আর বিনামূল্যে এই সব মোবাইল ও ওয়েব অ্যাপের সুবিধা সকল ভোটারের মাঝে ছড়িয়ে দেয়া।
দলীয় ও এককভাবে মোট ১শ' জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য ও বিভিন্ন আইসিটি প্রতিষ্ঠানের সদস্যরা।
অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে টেক পোর্টাল হাইফাই পাবলিক, এশিয়া ফাউন্ডেশন, ড্যানিডা ও ইউকে এইড সিডা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হাইফাই পাবলিক ডটকম-এর সম্পাদক কুতুব উদ্দিন কামাল ইলেকশন হ্যাকথন আয়োজনের উদ্দেশ্য এবং লক্ষ্য তুলে ধরেন। এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারা টেইলর পৃথিবীর অন্যান্য দেশে আয়োজিত ইলেকশন হ্যাকাথন সম্পর্কে এবং এই ধরনের আয়োজনের প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন। প্রযুক্তিখাতগুলোতে নারীদের অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরেন তিনি।
প্রযুক্তি কীভাবে নিরপেক্ষ নির্বাচনে অবদান রাখতে পারে এই সম্পর্কে বক্তব্য রাখেন হাইফাই পাবলিক ডটকমের সিওও শাহরিয়ার রহমান।
হ্যাকাথনে মেন্টর-এর দায়িত্ব পালন করবেন হাইফাই পাবলিক প্রধান কারিগরি কর্মকর্তা শাফকাত আলম, জি-টেক প্রধান সফটওয়্যার স্থপতি জাহিদ ইসহাক, সফটওয়্যার গ্লোবাল প্রতিষ্ঠাতা এম এম মুনিরুজাম্মান, জিএন্ডআর-এর হেড অফ সেল লতিফ চৌধুরী, এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রামার অফিসার নুরুল ইসলাম এবং প্রজেক্ট ম্যানেজার মির জুনায়েদ জামালসহ আরও অনেকে।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে ল্যাপটপ, স্মার্টফোনসহ আরও আকর্ষণীয় নানা পুরষ্কার। ২১ ডিসেম্বর এই অনুষ্ঠান শেষ হবে।
