ইন্টারনেট বন্ধে রাজনীতিবিদদের চাপ
নতুন নিয়োগ বন্ধ করাতে আইএস যোদ্ধাদের ইন্টারনেট থেকে বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন রাজনীতিবিদদের একটি অংশ।
ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নভেম্বরে দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন চেয়ারম্যান টম হুইলারকে আইএস ব্যবহৃত ওয়েবসাইটগুলো বন্ধের উপায় বের করতে চাপ দেন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেনটেটিভ-এর জো বার্টন।
ওয়েব থেকে আইএস যোদ্ধাদের সরাতে সিলিকন ভ্যালীর ‘সবচেয়ে মেধাবীদের’ সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারকে মিলিত হওয়ার পরামর্শ দিয়ে বুধবার এই দাবীকে আরও উসকে দিলেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।
সিএনএনে প্রচারিত বিতর্ক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমাদের ইন্টারনেট ব্যবহার করে আমাদেরকেই মারতে চায় যারা এমন লোকদের আমি সুযোগ দিতে চাই না।”
এমন ধারণা আমেরিকানদের কাছে কিছুটা উদ্ভট লাগলেও, আগে অন্যান্য দেশ তাদের নিজ সীমান্তের মধ্যে এমন ব্যবস্থা করেছে। ২০০৯ সালে চীনের জিনজিয়াং প্রদেশে আন্দোলন দমন করতে নেটওয়ার্ক সংযোগ বন্ধ করে দিয়েছিল চীনা সরকার।
চীনে দ্বিতীয় ওয়ার্ল্ড ইনটারনেট কনফারেন্সে অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণে প্রত্যেক দেশে অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট জি জিনপিং।
২০১১ সালে ‘আরব বসন্ত’ শুরু পর সিরিয়াও ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল।
কোনো দেশের বাইরে থেকে সেদেশের ইন্টারনেট বন্ধ করা অসম্ভব না হলেও কঠিন বলে জানিয়েছেন নেটওয়ার্ক প্রকৌশলীরা।
কলম্বিয়া ইউনিভার্সিটির কম্পিউটার-বিজ্ঞান অধ্যাপক স্টিভেন বেলোভিন বলেন, "সহজাতভাবেই ইন্টারনেট বিকেন্দ্রীভূত।" তিনি জানান, যদি যুক্তরাষ্ট্র কিছু নির্দিষ্ট এলাকার নেটওয়ার্ক বন্ধ করতে চায়, বিশ্বের বেশিরভাগ ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো নিজ দেশের সরকারি আদেশ না পেলে সহযোগিতা করবে না।
তিনি বলেন, “এমনটা ঘটার সম্ভাবনা আমি দেখছি না।”
নজরদারির জন্য আইএসকে অনলাইনে রাখা যুক্তরাষ্ট্র সরকারের জন্য প্রয়োজন। প্রতিনিয়ত টুইট, চ্যাট মেসেজের মতো সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টগুলোর মাধ্যমে আইএস যোদ্ধাদের স্থান শনাক্ত করছে যুক্তরাষ্ট্র বাহিনী।
