হ্যাকিং টুলে এফবিআই-এর ভরসা!
তদন্তের স্বার্থে বাজারে প্রচলিত সফটওয়্যারগুলোর নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকিং করার কথা স্বীকার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল বুরো অফ ইনভেস্টিগেশন(এফবিআই)।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, বুধবার হ্যাকিংয়ের বিষয় নিশ্চিত করেছে এই মার্কিন গোয়েন্দা সংস্থাটি।
‘জিরো ডে এক্সপ্লয়েটস’ নামে পরিচিত সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটিগুলোর সুযোগ নেয় এফবিআই। অধিকাংশ সময় এফবিআই কোনো সফটওয়্যারের ‘জিরো ডে এক্সপ্লয়েটস’ –এর ব্যাপারে জানলেও তা সফটওয়্যারটির নির্মাতা প্রতিষ্ঠানকে জানায় না। উল্টো তারা সফটওয়্যারগুলোর এই নিরাপত্তা ত্রুটির সুযোগ নেয়।
এভাবে সফটওয়্যারে নিরাপত্তা ত্রুটিগুলো থেকে যায় এবং এ কারণে সফটওয়্যার ব্যবহারকারীরা শুধু সরকারের নয়, সাইবার অপরাধীদেরও আক্রমণের শিকার হন বলে মন্তব্য করেছে সিনেট।
কেন এফবিআই এ কাজ করে, সে প্রসঙ্গে এফবিআই কর্মকর্তা এমি হেস উল্টো প্রশ্ন করেন, “কোনটা বেশি গুরুত্বপূর্ণ? জননিরাপত্তার জন্য হুমকি এমন কাউকে চিহ্নিত করা নাকি সফটওয়্যার প্যাচ ইসু করার মাধ্যমে মানুষকে হ্যাকিং থেকে বাঁচানো?”
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন-এর আইনজীবি অ্যান্ড্রু কর্কার জানিয়েছেন, এ বিষয়ে প্রথম যে পদক্ষেপটি নেওয়া উচিত তা হচ্ছে সরকার কোন নীতিতে জিরো ডে এক্সপ্লয়েট ব্যবহার করে সেটা জানা। তিনি বিষয়টি জানতে আইনের আশ্রয় নিয়েছিলেন, কিন্তু উত্তরে এফবিআই ও এনএসএ বরাবরের মতো ‘জাতীয় প্রতিরক্ষার’ অজুহাত দেখিয়েছে।
এ প্রসঙ্গে কর্কার আরও বলেন, “আমার মনে হয় না, আমরা কখনও বলেছি তাদের এটি কখনই করা উচিত না। উল্টো তাদের এটা এমনভাবে করা উচিত যেন জনসাধারণের কাছে এর স্বচ্ছতা বজায় থাকে।”
