২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াহুর অংশ বেচে দিন: বিনিয়োগকারী

চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার ১৫ শতাংশ শেয়ার কেনার পর তা ‘স্পিন অফ’ করার পরিকল্পনা করতে মার্কিন ইন্টারনেট জায়ান্ট ইয়াহুকে চাপ দিচ্ছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান স্টারবোর্ড ভ্যালু। শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য বাড়াতে নিজেদের মূল ব্যবসার অংশ বিক্রি করে দেওয়ার জন্যও চাপ দিচ্ছে তারা।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 08:25 PM

Updated : 22 Aug 2022, 02:00 PM

কর্পোরেট ভাষায় স্পিন অফ বলতে কোনো প্রতিষ্ঠানের কোনো অংশ নির্দিষ্ট প্রকল্প হিসেবে আলাদা করে দেওয়াকে বুঝায়।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার ইয়াহুকে একটি চিঠি পাঠিয়েছে স্টারবোর্ড ভ্যালু। ওই চিঠিতে তারা জানায়, ইয়াহুর উচিৎ নিজেদের বিজ্ঞাপন ব্যবসা বিক্রি করে অন্য সম্ভাবনা নিয়ে ভাবা।

ইয়াহুকে পাঠানো চিঠিতে স্টারবোর্ড প্রধান জেফরি স্মিথ বলেন, “যদি আপনারা বর্তমান রাস্তায় থাকেন, আমরা বিশ্বাস করি তা ভুল হলে সম্ভাব্য মাশুল অনেক বড় হবে আর ঠিক হলে এতে পাওয়া লাভ বিকল্প ব্যবস্থাটির চেয়ে ভালো হবে না।”

ইয়াহু এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

যখন ইয়াহুর বর্তমান প্রধান মারিসা মায়ার তাদের পণ্য আর বিজ্ঞাপন সুবিধা উন্নত করার অভিযানে নেমেছে, এই সময় প্রতিষ্ঠানটির জন্য স্টারবোর্ডের এমন পদক্ষেপ চিহ্নিত হচ্ছে সর্বশেষ সদুপদেশ হিসেবে।

চিঠিতে স্মিথ বলেন, “আমরা আসলে বিশ্বাস করি ইয়াহুর সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন ছাড়া সম্ভবত মূল ব্যবসার মূল্য হ্রাস পেতে পারে, এর ফলে মূল ব্যবসার বিক্রিই পরিষ্কারভাবে সঠিক সিদ্ধান্ত হবে।”