শুরুতেই স্কয়ারের বাজিমাত
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ শেয়ারবাজারে যাত্রা শুরু করে মার্কিন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান স্কয়ার। শুরুতেই শেয়ারবাজারে চমক দেখায় প্রতিষ্ঠানটি।
৯ ডলারে শুরু করে প্রথমদিনেই এর প্রাথমিক শেয়ারমূল্য লাফ দিয়ে ৬৪ শতাংশ বেড়ে ১৪.৭৮ ডলারে গিয়ে ঠেকে। আর দিনশেষে ছিল ১৩.০৭ ডলার, যা প্রাথমিক শেয়ারমূল্যের চেয়ে ৪৫ শতাংশ বেশি।
স্কয়ারের পরিচিতি মূলত টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও ‘জ্যাক ডরসির নতুন স্টার্টআপ’ হিসেবে। প্রতিষ্ঠানটি ব্যবসার ক্ষেত্র মোবাইলনির্ভর পেমেন্ট সেবা।
সর্বশেষ হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির মূল্যের ৬০ শতাংশ ছাড়ে প্রাথমিক শেয়ারমূল্য নির্ধারণ করা হয় বলে জানিয়েছে রয়টার্স। প্রতিষ্ঠানটি ১১ থেকে ১৩ ডলারে এই শেয়ার ছাড়বে বলে আশা করা হয়েছিল।
বৃহস্পতিবার ছিল স্কয়ার প্রধান জ্যাক ডরসির ৩৯তম জন্মদিন। তিনি বলেন, "আমরা একটি চমৎকার যাত্রা শুরু করেছি। আমি একটি স্থির অবস্থায় আর ব্যবসায় ফিরতে চাই।" স্কয়ারের কৌশল নিয়ে তিনি বলেন, “এটি ব্যাংকে ভুল পদক্ষেপ থেকে বাঁচাতে চায়। আমরা ব্যাংক বা কার্ড নেটওয়ার্ক থেকে মুক্তি পাচ্ছি এমনটা বলতে যাচ্ছি না। এই খাতে আমরা শুধু একটি পরিষ্কার চেহারা দাঁড় করিয়েছি।”
কম মূল্যে শেয়ার ছাড়ার কারণেই শেয়ার মূল্য এত দ্রুত বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। “প্রাথমিক শেয়ার ক্রেতাদের ইউনিকর্নের মূল্য সম্পর্কে ভারী আশংকা ছিল।”- যুক্তরাষ্ট্রের বস্টনের প্রযুক্তি পরামর্শদাতা প্রতিষ্ঠান বালগার পার্টনারসের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস বালগার এমনটা বলেন বলে জানিয়েছে রয়টার্স। শেয়ারবাজারে যাত্রা শুরু করা ১শ' কোটি ডলার বেশি মূল্যের প্রতিষ্ঠানকে ইউনিকর্ন বলা হয়।
এফএনআই- এর ব্যবসাবিষয়ক সহ-প্রধান টম ডোনিনো এ ঘটনাকে অস্বাভাবিক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, "অবশ্যই সেখানে শেয়ারের খুচরা ও অন্যান্য চাহিদা রয়েছে, কিন্তু এই মূল্য নির্ধারণটা অদ্ভুত লেগেছে।"
প্রাথমিক শেয়ার বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটি ২৪ কোটি ৩০ লাখ ডলার আয় করে।
