২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে ‘ভুয়া আর্মি’

১৮ শতকে মার্কিন যুক্তরাষ্টের গৃহযুদ্ধে অংশ নেওয়া সৈনিকদের নাম ব্যবহার করে খোলা হাজারো ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট সংগ্রহ করছেন ডাচ শিল্পি কনস্ট্যান্ট ডুলার্ট। সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমটির বিভিন্ন পোস্টে লাইক দেবে ডুলার্টের এই ‘ফেইসবুক আর্মি’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 10:07 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

বিবিসি জানিয়েছে, লাইকের জন্য নয়, বরং সামাজিক যোগাযোগের বাণিজ্যিকায়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই প্রকল্প হাতে নিয়েছেন ডুলার্ট। আর সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমটির সঙ্গে কোনো আলোচনা তো দুরে থাক, এই প্রকল্প নিয়ে ফেইসবুককে একেবারেই কিছু জানাননি তিনি।

ভুয়া অ্যাকাউন্টের ব্যবহার ফেইসবুকের প্রাইভেসি পলিসির পরিপন্থী। ভুয়া অ্যাকাউন্টের দৌরাত্ব ঠেকাতে প্যাটার্ন রিকগনিশনসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে মার্কিন প্রতিষ্ঠানটি।

এই প্রসঙ্গে ডুলার্টের বক্তব্য “ফেইসবুক হয়তো টের পেয়ে অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেবে। যেহেতু আমি সৈনিকদের নাম ব্যবহার করছি তাতে ব্যাপারটা সামাজিক যোগাযোগের বাণিজ্যিকায়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো হয়ে দাঁড়িয়েছে।”

নিজের এই ‘ফেইসবুক আর্মি’র ভবিষ্যত নির্ধারণ করতে শিল্পী, দার্শনিক আর সমালোচকদের সঙ্গে কাজ করতে চান ডুলার্ট।

সোশাল মিডিয়ার বাড়তি গুরুত্ব কে পাবে সেটা নির্ধারণ করতে একটি কমিটি থাকলে ব্যাপারটা বেশ কৌতুহল উদ্দীপক হবে বলে মন্তব্য করেন তিনি।

অভিনব এই প্রকল্প দুই মাস চলবে বলে প্রত্যাশা করছেন ডুলার্ট। তবে ফেইসবুকে তার ভুয়া সৈনিকদের স্থায়ীত্ব কতদিন হবে সে ব্যাপারে নিশ্চিত নন এই শিল্পী।

“এই প্রকল্পকে (ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা) ব্যবসা হিসেবে পরিচালনার কোনো ইচ্ছে আমার নেই। তবে এটা এখন এত বড় একটা শিল্প হয়ে দাঁড়িয়েছে যে আলাদা গুরুত্ব পাওয়ার অধিকার রাখে এটি।”—মন্তব্য করেন ডুলার্ট।

এর আগে ইনস্টাগ্রামে শিল্পীদের অ্যাকাউন্টে ফলোয়ার বাড়ানোর জন্য ভুয়া অ্যাকাউন্ট কেনার প্রকল্প শুরু করেছিলেন ডুলার্ট। ৩০ জন আসল ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্টে ১ লাখ ফলোয়ার যোগ করার লক্ষ্য নিয়ে করেছিলেন সেবার।