২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬শ’ কোটিতে স্ন্যাপচ্যাট

২০১৩ সালে ৩শ’ কোটি ডলারের বিনিময়ে মার্কিন ফটো-ভিডিও মেসেজিং সেবা স্ন্যাপচ্যাট কিনতে চেয়েছিল ফেইসবুক কর্তৃপক্ষ। সেবার ওই প্রস্তাবটি ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছিল স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। বলা হচ্ছে ফেইসবুক প্রস্তাব ফিরিয়ে দেওয়া ঠিক ছিল প্রতিষ্ঠানটির জন্য। প্রতিদিন গড়ে প্রায় ৬শ’ কোটি ভিডিও দেখছেন স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা, এর বিপরীতে ফেইসবুকে দৈনিক ভিডিও দেখার সংখ্যা দৈনিক ৮শ’ কোটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 06:41 PM

Updated : 22 Aug 2022, 01:50 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, স্ন্যাপচ্যাটে ভিডিও দেখার পরিমাণ তিন মাসে বেড়েছে তিন গুণ। মে মাসেই স্ন্যাপচ্যাট সিইও ইভান স্পিগেল ব্লমবার্গকে জানিয়েছিলেন দৈনিক ২শ’ কোটি ভিডিও দেখছেন সেবাটির নিয়মিত ব্যবহারকারীরা।

ওই সময়ে ‘ভিডিও ভিউ’-এর হিসেবে স্ন্যাপচ্যাটের থেকে দ্বিগুণ এগিয়ে ছিল ফেইসবুক।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর জন্য মুনাফার একটি বড় খাত হচ্ছে ভিডিও কনটেন্টে অ্যাডভার্টাইজিং। আর এই খাতে ব্যাপক সম্ভাবনা দেখছে স্ন্যাপচ্যাট। ভিডিও বিজ্ঞাপন আর মিডিয়া পার্টনারশিপের কারণে চলতি বছরের শুরুতেই বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির মূ্ল্য নির্ধারণ করেছিলেন ১৯শ’ কোটি মার্কিন ডলার।

অন্যদিকে, ব্যবহারকারীদের সমালোচনার মুখে সম্প্রতি নিজেদের প্রাইভেসি পলিসি পরিবর্তন করেছে স্ন্যাপচ্যাট। পলিসি পরিবর্তনের ফলে স্ন্যাপচ্যাট তাদের ব্যক্তিগত ভিডিও ও ছবি নিজস্ব সার্ভারে জমা করছে বলে বিভ্রান্ত হয়েছিলেন সাধারণ ব্যবহারকারীরা। পরবর্তীতে ব্যবহারকারীদের সমালোচনার মুখে আবারও প্রাইভেসি পলিসি পরিবর্তন করতে বাধ্য হয় স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ।