জার্মানির তিন শহরে ইউবার বন্ধ
চালক সংকটের কারণে জার্মানির তিন শহরে নিজেদের সেবা বন্ধ করে দিয়েছে অনলাইন ট্যাক্সি সেবাদানকারী প্রতিষ্ঠান ইউবার।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, তিন শহরে সেবা বন্ধ করে দেওয়ার ফলে এখন শুধু জার্মানির মিউনিখ ও বার্লিন শহরে বসবাসরত বাসিন্দারা ইউবারের সেবা পাবেন।
চালক সংকট প্রসঙ্গে ইউবার বলেছে, “অনেক সম্ভাব্য ইউবার চালকের কাছেই প্রতিষ্ঠানের নিবন্ধন প্রক্রিয়াটিকে ব্যয়বহুল ও সময়সাপেক্ষ ব্যাপার বলে মনে হয়েছে।” এর আগে দেশটির আদালত এক রায়ে জানিয়েছিল, ইউবার চালকদের অবশ্যই ট্যাক্সি লাইসেন্স থাকতে হবে।
বর্তমান পরিস্থিতিতে জার্মানির হামবুর্গ, ফ্রাংকফুর্ট এবং ডাসেলডার্ফে ইউবারের সেবা বন্ধ হয়ে গেলেও প্রতিষ্ঠানটি আশা করছে দেশটির নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে আরও বড় পরিসরে সেবা শুরু করতে পারবে তারা।
