২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল ওয়াচ যখন স্বাস্থ্য বীমার অংশ!

নিজস্ব কর্মীদের স্বাস্থ্য বীমার অংশ হিসেবে কম দামে অথবা একেবারেই বিনামূল্যে অ্যাপল ওয়াচ সরবরাহ করার পরিকল্পনা করছে আইবিএম! আইবিএমের বক্তব্য, এতে অ্যাপল সঙ্গে প্রাতিষ্ঠানিক সখ্য যেমন বাড়বে তেমনি কর্মীদের স্বাস্থ্যের প্রতি প্রতিষ্ঠানটি হিসেবে নিজেদের প্রতিশ্রুতিও রাখা হবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 10:56 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাকরিউমার্স ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কোন ধরনের স্বাস্থ্য বীমা নিচ্ছেন তার উপর নির্ভর করে সাশ্রয়ী দামে অথবা একেবারেই বিনামূল্যে অ্যাপল ওয়াচ পাবেন আইবিএম কর্মীরা।

এর আগে প্রায় একই ধরনের একটি প্রকল্পের অংশ হিসেবে নিজস্ব কর্মীদের ফিটবিট ট্র্যাকার সরবরাহ করেছিল আইবিএম। অ্যাপল ওয়াচ নিয়ে নতুন প্রকল্পটি ফিটবিট ট্র্যাকারগুলোকে প্রতিস্থাপন করছে কি না, তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে ম্যাকরিউমার্স ডটকম।

একাধিক মার্কিন ব্যবসা ও বীমা প্রতিষ্ঠান একই ধরনের প্রকল্প নিয়ে কাজ করছে বলে জানিয়েছে সাইটটি। স্বাস্থ্য বীমার খরচ কমানো এবং স্বাস্থ্য রক্ষার জন্য ইতিবাচক শারীরিক কর্মকাণ্ডের জন্য কর্মীদের নানা ভাবে পুরষ্কৃতও করে প্রতিষ্ঠানগুলো।

কর্মীদের স্বাস্থ্য সচেতন কর্মকাণ্ডের অংশ নিতে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে ফিটবিটও।

এই প্রকল্পগুলোর মধ্যে সিংহভাগই অ্যাপল ওয়াচ বাজারে আসার আগেই শুরু হয়েছিল। তবে বহুল আলোচিত ডিভাইসগুলো প্রতিষ্ঠানের কর্মীদের আরও বেশি শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে বেশ কাজে আসছে বলে জানিয়েছে ম্যাকরিউমার্স।

এক্ষেত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক আরও প্রতিষ্ঠান আইবিএমের পথ অনুসরণ করতে পারে বলে জানিয়েছে সাইটটি।