২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও আইনি জটিলতায় অ্যাপল

‘ওয়াই-ফাই অ্যাসিস্ট’ ফিচারের কারণে মামলার মুখে পড়েছে অ্যাপল। আইওএস ৯ অপারেটিং সিস্টেম ব্যবহৃত ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহারের সময় ওয়াই-ফাই সংযোগ দুর্বল থাকলে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল ডেটা ব্যবহার করার ফিচার অন্তর্ভুক্ত করায় এবার আইনি জটিলতার সম্মুখীন হচ্ছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 10:04 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ‘ওয়াই-ফাই অ্যাসিস্ট’ ফিচারটি প্রথম আইওএস ৯ অপারেটিং সিস্টেমেই অন্তর্ভুক্ত করে অ্যাপল। ওয়াই-ফাই সংযোগ দুর্বল হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল ডেটা খরচ করে ইন্টারনেট সংযোগ অবিচ্ছিন্ন রাখে ফিচারটি ।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আদালতে করা ওই মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাপলের ‘ওয়াই-ফাই অ্যাসিস্ট’ ফিচারটির কারণে গ্রাহকদের মোবাইল ডেটার অনাকাঙ্খিত বিল পরিশোধ করতে হচ্ছে। অভিযোগে আরও বলা হয়েছে, ফিচারটি ডিভাইসে ‘বাই ডিফল্ট’ চালু থাকত। এ প্রসঙ্গে অ্যাপল কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহকদের আরও উপভোগ্য ইন্টারনেট সংযোগ দিতেই ‘ওয়াই-ফাই অ্যাসিস্ট’ ফিচারটি ডিজাইন করা হয়েছিল। ফিচারটি ডিজাইনের মূল লক্ষ্য ছিল, গ্রাহকরা ওয়াই-ফাই সংযোগের সীমানা থেকে সরে আসলেও, তাদের ইন্টারনেট সংযোগ যেন বিচ্ছিন্ন না হয় সেটা নিশ্চিত করা।

এক টেক ব্লগ পোস্টে অ্যাপলইনসাইডার ডটকম জানিয়েছে, ‘ওয়াই-ফাই অ্যাসিস্ট’ ফিচারের ফলাফল কেমন হতে পারে, সে বিষয়ে অ্যাপল তাদের সঠিকভাবে জানায়নি বলে দাবি করেছে মামলার বাদী পক্ষ। ফিচারটির কারণে গ্রাহকদের পাঁচ লাখ ডলারেরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করছেন তারা।

বিবিসি জানিয়েছে, ফিচারটি চালু রাখলে গ্রাহক বেশি সেলুলার ডেটা খরচ করে ফেলতে পারেন বলে সতর্কবাণী দেখানো হচ্ছে অ্যাপলের সাপোর্ট ওয়েবসাইটে।

এই প্রসঙ্গে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইএইচএস-এর কর্মী ড্যানিয়েল গ্লিসন বলেন, “বিষয়টি গ্রাহকদের জানাতে অ্যাপল পপ-আপ নোটিশ ব্যবহার করতে পারত। কিন্তু সমস্যা হচ্ছে কেউই ডিভাইস আপডেটের সময় পপ-আপগুলো পড়ে দেখেন না।”