বোমা ফাটালেন বলমার
ই-কমার্স জায়ান্ট অ্যামাজন আর টেক জায়ান্ট অ্যাপলসহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিয়ে নিজের মতামত দিলেন সাবেক মাইক্রোসফট প্রধান স্টিভ বলমার।
“আমি মনে করি এখানে মানুষ কাজ করতে চায় না। যারা মাইক্রোসফট ছেড়ে অ্যামাজনে এসেছেন, তারা দুয়েক বছরের মধ্যে আবার ফিরে আসবেন বলে ধরা যায়, কারণ, একজন প্রকৌশলী হিসেবে উদ্ভাবনী কিছু করার জন্য এটি মোটেই ভালো কোনো জায়গা নয়।”- ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে নিয়ে বলমার এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
‘অনেক, অনেক মানুষ’ অ্যামাজনে কাজ করার পর আবার মাইক্রোসফটে ফিরে এসেছেন বলেও জানান তিনি।
মাইক্রোসফটের ‘কান্ট্রি ক্লাব’ পরিবেশ প্রতিষ্ঠানটিকে ধ্বংস করবে- অ্যামাজন প্রধান জেফ বেজোসের এমন দাবির জবাবও দিয়েছেন বলমার। তুলনামূলকভাবে মাইক্রোসফটের প্রাতিষ্ঠানিক সংস্কৃতি ‘অনেক মজবুত’ বলে জানান তিনি।
বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল অনেক ভালো করছে বলে স্বীকার করলেও, প্রযুক্তি খাতে সর্বোত্তম প্রতিষ্ঠান হওয়ার দৌড়ে মাইক্রোসফট অ্যাপলকে ভালো প্রতিদ্বন্দীতায় ফেলবে বলে জানান বলমার। তিনি বলেন, “মাইক্রোসফট তাদের সঙ্গে ভালো প্রতিযোগিতা করবে। হার্ডওয়্যার খাতে কেউই তাদের সঙ্গে বাস্তবিকভাবে পাল্লা দেয়নি। যদি অ্যাপলের জন্য কেউ প্রতিদ্বন্দী হয়ই, তবে তা মাইক্রোসফটই হবে- আমি এটা বিশ্বাস করি।”
মাইক্রোসফটের আনা সারফেইস বুক ম্যাকবুককে পেছনে ফেলবে বলে মনে করেন বলমার। উদ্ভাবনের এই প্রতিযোগিতাকে দুই ঘোড়ার দৌড় প্রতিযোগিতার সঙ্গে তুলনা করেন তিনি। “উদ্ভাবনী খাতের এই দৌড়ে কে প্রথম হচ্ছে?”- প্রশ্ন রেখে তিনি বলেন, “মাইক্রোসফট বা অ্যাপল, সত্যিই সবসময় শুধু এই দুই প্রতিষ্ঠানই আছে যাদের এমন সফটওয়্যার ও হার্ডওয়্যার দক্ষতা আছে।”
অনলাইন ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান ইউবারের প্রতি নিজের ভালোবাসার কথা জানান বলমার। তবে, তিনি প্রতিষ্ঠানটির অর্থনীতি বুঝেন না বলে জানান। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ‘সেবাখাতের নরক’ বলে খোঁচাও দিয়েছেন তিনি। উল্লেখ্য, ইউবারে মাইক্রোসফটের বিনিয়োগ রয়েছে।
সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারের ৪ শতাংশ শেয়ার কেনেন বলমার। ‘জ্যাক ডোরসি টুইটার নিচ্ছেন’- তা জানার পরও এই শেয়ার নেন বলে জানিয়েছেন তিনি। তবে, তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের কেউ হতে চাননি। তিনি বলেন, “না, না, একেতো আমার ওই রকম ব্যাক্তিত্ব নেই, আর আমি পরিচালনা পর্ষদের কেউ না হয়ে সহজভাবে শেয়ার রাখতে চাই।”
সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক নিয়ে বেশ ভালোই বিশ্বাসী তিনি। তিনি বলেন, “আমি মনে করি, ফেইসবুক আসলেই একটি বড় প্রতিষ্ঠান। আপনারা জানেন তারা একটি ধারণার বীজ নিয়ে কাজ শুরু করেন আর এটা নিয়েই তারা কাজ করে যাচ্ছেন।” ফেইসবুককে স্পষ্ট দিকনির্দেশনার ‘সুপার ইম্প্রেসিভ প্রতিষ্ঠান’ হিসেবে অভিহিত করেন তিনি।
