২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে ‘লিগ অফ লিজেন্ডস’ টিম

অনলাইন ফ্যান্টাসি গেইম ‘লিগ অফ লিজেন্ড’-এর একটি পেশাদার দলের নিলামকে ঘিরে সরগরম হয়ে উঠেছে গেইমিং বাজার।  নিলামে  ‘টিম ডিগনিটাস’-এর মালিকানাধীন একটি ‘প্রো লিগ অফ লিজেন্ড’ দলের দাম উঠেছে ৫ লাখ ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 04:27 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অনলাইন জগতে জনপ্রিয় এই গেইমটিকে ঘিরে নিয়মিতভাবে ‘লিগ অফ লিজেন্ড চ্যাম্পিয়নশিপ সিরিজ’ (এলসিএস) প্রতিযোগিতা আয়োজন করা হয়। ইতোপূর্বে এই প্রতিযোগিতায় ‘টিম ডিগনিটাস’-এর একটি দল অংশগ্রহন করে আসলেও চলতি বছর ‘চ্যালেঞ্জার’ নামের আরও একটি দল মূল পর্বে অংশগ্রহনের যোগ্যতা অর্জন করে।

তবে প্রতিযোগিতায় একই টিমের একাধিক দল খেলানোর নিয়ম না থাকায় একটি দল নিলামে তোলার ঘোষণা দেয় টিম ডিগনিটাস।

টিম ডিগনিটাসের ব্যবস্থাপক মাইকেল ও’ডেল এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিলামের মাধ্যমে ক্রেতা খুঁজে পাওয়া গেলেও তার পরিচয় এবং ঠিক কোন দলটি বিক্রি করা হবে তা এখনো পরিষ্কার নয়। 

নিলামের পাশাপাশি চলতি বছরের অক্টোবর মাসের শেষ দিকে লিগ অফ লিজেন্ডসে অংশগ্রহনকারীরা বাড়তি অর্থের বিনিময়ে দলবদলেরও সুযোগ পাবেন বলে জানিয়েছে বিবিসি। 

বর্তমানে নিয়মিতভাবেই বিশ্বের শক্তিশালী দলগুলো নিয়ে লিগ অফ লিজেন্ডস চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়।

২০১৪ সালে প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ খেলোয়াড় মোট ১০ লাখ ডলার পেয়েছিলেন। ই-স্পোর্টস বা অনলাইন গেইমিংয়ের ব্যাপক জনপ্রিয়তার কারণে মিডিয়া প্রতিষ্ঠান আর বিজ্ঞাপনদাতারা এই ধরনের প্রতিযোগিতায় বিনিয়োগ করছেন বলে জানিয়েছে বিবিসি। 

চলতি বছরের ৩১ অক্টোবর শেষ হতে যাওয়া প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের খেলাগুলো তিন দিন ধরে বিবিসি-তে স্ট্রিম করা হচ্ছে।