২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল ভয়েস-কন্ট্রোল বন্ধ করতে

গুগলের ভয়েস-কন্ট্রোল ফিচারে ব্যবহারকারীরা যেসব কমান্ড দিয়ে থাকেন, সেগুলোর প্রত্যেকটিই সংরক্ষণ করে থাকে গুগল। এমনকি ব্যবহারকারীরা চাইলে পুরোনো সেসব রেকর্ডিং যাতে শুনতে পারেন, সে ব্যবস্থাও করে রেখেছে ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 02:45 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

পুরোনো ভয়েস কমান্ড কীভাবে ব্যবহারকারীরা শুনতে পারবেন এবং সংরক্ষণের বিষয়টি পছন্দ না হলে ভয়েস-কন্ট্রোল ফিচারের হাত থেকে কীভাবে ব্যবহারকারীরা রেহাই পেতে পারেন, সম্প্রতি সে বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

প্রথমেই বলে নেওয়া ভাল, ভয়েস কন্ট্রোল ফিচারের হাত থেকে রক্ষা পাওয়ার শুধু একটি উপায়ই রয়েছে। আর তা হল ‘কোনো কমান্ড না দেওয়া’। কারণ গার্ডিয়ানের তথ্য অনুসারে, গুগলের ভয়েস কন্ট্রোল ফিচার বন্ধ করে রাখলেও, প্রতিষ্ঠানটি ব্যবহারকারীর আগের কমান্ডগুলো মুছে দেয় না, তা সংরক্ষিত অবস্থায় রেখে দেয়। সে কারণেই এর হাত থেকে রেহাই পাবার একমাত্র উপায়টিই হচ্ছে, ‘কমান্ড প্রদান থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা’!

এবার আসা যাক, ব্যবহারকারীরা ঠিক কীভাবে নিজেদের পুরোনো ভয়েস কমান্ডগুলো শুনতে পারবেন। এ প্রসঙ্গে গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, কোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে যদি ‘ওকে গুগল’ নামের ভয়েস কন্ট্রোল ফিচারটি চালু করা থাকে, তাহলে সেটির পেইজেই কবে কোন কমান্ড দেওয়া হয়েছে, তা তালিকা আকারে পাওয়া যাবে এবং সেখানে প্রতিটি কমান্ডের পাশেই ‘প্লে’ বাটন রয়েছে। ব্যবহারকারীরা চাইলে ওই বাটনের সাহায্যেই শুনে নিতে পারবেন নিজের পুরোনো কমান্ডগুলো।

প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রের মতো গুগলের ভয়েস কন্ট্রোল ফিচারেরও ভালো ও মন্দ দুটি দিকই রয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান। এর ভালো দিকটি হচ্ছে দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ করে তোলা, আরও সহজ উপায়ে ব্যবহারকারীর কাছে কাংঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়া। আর মন্দ দিকটি হচ্ছে, ব্যবহারকারীর প্রতিটি কমান্ড সংরক্ষণ করা। আর তাই ভয়েস কমান্ডের ব্যাপারে ব্যবহারকারীদের ভেবেচিন্তে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শই দিয়েছে বিলেতি দৈনিকটি।