অ্যামাজনের হোটেল বুকিং সাইট বন্ধ
বন্ধ করে দেওয়া হয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের হোটেল বুকিং সাইট অ্যামাজন ডেসটিনেশনস। চলতি বছর এপ্রিলে যাত্রা শুরু করা এই সাইটটি অ্যামাজনের ব্যবহারকারীদের সাপ্তাহিক ছুটিতে ‘গেটঅ্যাওয়ে ডেসটিনেশন’ খুঁজতে সহায়তা করত। ১৩ অক্টোবর থেকে এটি বন্ধ হয়ে যায়।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, সাইটটি বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি সর্বপ্রথম যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক সিয়াটল টাইমসের চোখে পড়ে।
শুরুতে সাইটটি শুধু সিয়াটল, লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্কে হোটেল রুম অফার করলেও, পরে এই পরিধি বাড়িয়ে টেক্সাস গলফ কোস্ট, নর্দার্ন ক্যালিফোর্নিয়া, বস্টন মেট্রো আর দক্ষিণ যুক্তরাষ্ট্রের কিছু অংশেও এ সেবা দেওয়া হয়। চার মাসের মাথায় এই সেবা ৩৫টি শহরে বিস্তৃত হলেও ৬ মাস পর সাইটটি বন্ধ হয়ে গেল।
সাইটটি বন্ধের বিষয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যামাজন লোকাল অ্যাপের মাধ্যমে হোটেল রুম রিজার্ভ করার সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যদি কেউ ইতোমধ্যে এর মাধ্যমে কোনো রুম বুক করে থাকেন, তবে তিনি সেই সেবা পাবেন।
এর মধ্যে সাইটটি হোটেল সম্পর্কে গ্রাহকদের রিভিউ নেওয়া শুরু করেছিল। খুব শিগগিরই এটি ট্রিপঅ্যাডভাইজার, এক্সপেডিয়া বা ইয়েল্পের মতো অন্যান্য ট্রাভেল সাইটগুলোর জন্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারত।
কেন সাইটটি বন্ধ করে দেওয়া হলো এ বিষয়ে কিছু স্পষ্ট করে জানায়নি অ্যামাজন। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, “আমরা অনেক কিছু শিখেছি আর অ্যামাজন ডেসটিনেশনস আর না চালানোর সিদ্ধান্ত নিয়েছি।”
মানুষের দৈনন্দিন জীবনে অ্যামাজনের ছোঁয়া বাড়ানোর চেষ্টা হিসেবে সাইটটি চালু করেছিল প্রতিষ্ঠানটি।
