২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণ বাড়ল ‘অন দিস ডে’ ফিচারে

‘অন দিস ডে’ ফিচারে নতুন পরিবর্তন এনেছে সামাজিক যোগাযোগের শীর্ষ সাইট ফেইসবুক।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 05:12 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

ফেইসবুকের আগের বছরের স্মৃতিগুলো ফিরিয়ে আনার ফিচার 'অন দিস ডে'- এর সঙ্গে এখন প্রায় সব ব্যবহারকারীই পরিচিত। অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠলেও, কিছু ব্যবহারকারীর কাছে এটি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভুলে যেতে চান, এমন মূহুর্তগুলোও ফিরে আসায় বিরক্ত হচ্ছেন অনেকেই। ব্যবহারকারীদের এমন প্রতিক্রিয়ার পর ‘অন দিস ডে’ ফিচারে বেশ কিছু পরিবর্তন এনেছে ফেইসবুক। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা নিজেরা ওই মূহুর্তগুলো বাছাই করে পোস্ট করতে পারবেন।

ফেইসবুকের একজন প্রতিনিধি এবিসি নিউজকে বলেন, “আমরা জানি মানুষ কোনো জন্মদিন উদযাপন থেকে শুরু করে কারও মৃত্যুর মতো সব ধরনের অর্থপূর্ণ মূহুর্ত ফেইসবুকে শেয়ার করে। এর ফলে, প্রত্যেকের ভালো, খারাপ মিলিয়ে সব ধরনের মূহুর্তই থাকতে পারে। এ কারণে, অন দিস ডে ব্যবহার করে এমন লাখো মানুষের জন্য আমরা এই ফিল্টার যোগ করেছি, যাতে তারা এর উপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে পারেন।”

ডেস্কটপ থেকে ‘অন দিস ডে’ পেইজে গিয়ে নতুন ফিল্টার দুটি অ্যাকসেস করা যাবে। এখানে ব্যবহারকারীরা তারিখ আর নির্দিষ্ট ব্যক্তিকে ঠিক করতে পারবেন, যাতে ওই তারিখ আর ওই ব্যক্তির সঙ্গে মূহুর্তগুলো পুনরায় ফিরে না আসে।

যতক্ষণ পর্যন্ত ব্যবহারকারী নিজে তার আগের কোনো পোস্ট, ছবি বা স্ট্যাটাস শেয়ার না করবেন, ব্যবহারকারীর বন্ধুরা তা দেখতে পাবেন না।