চালকবিহীন গাড়ির ‘হেলপার’ ড্রোন
সুইস অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান রিনস্পিডের চালকবিহীন কনসেপ্ট কার ‘ Σtos’ রাস্তায় একাই ছুঁটবে না। স্পোর্টস কারটির ‘হেলপার’ হিসেবে এর সঙ্গে থাকবে আলাদা একটি ড্রোন।
রিনস্পিড ' Σtos' গাড়ির ধারণাটি ‘ভ্যাপারওয়্যার’ হলেও তা ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সংবাদ সাইট ম্যাশএবল। বাণিজ্যিক হারে কখনও উৎপাদন করা হবে না কিন্তু ক্রেতাদের সামনে নতুন প্রযুক্তি বা সম্ভাবনাময় ফিচার তুলে ধরার জন্য তৈরি করা হয়, এমন প্রকল্পকে ‘ভ্যাপারওয়্যার’ বলে চিহ্নিত করা হয়।
২০১৬ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)- এ উন্মোচন করা হবে গাড়িটি। আর গাড়িটির ভেতরকার ‘ম্যাজিক’ই মূল আকর্ষণ বলে জানিয়েছে নির্মাতারা।
এর সবচেয়ে বেশি আকর্ষণীয় ফিচার হচ্ছে এর ‘হেলপার’ ড্রোন। নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, “গাড়ির চালক অনলাইনে একটি ফুলের তোড়া অর্ডার করলে, ড্রোনটি তা নিয়ে এসে ঠিক জায়গায় পৌঁছে দিয়ে আবার গাড়ির পেছনের ডকের নির্দিষ্ট স্থানে এসে বসবে।” তবে, কীভাবে এটি একাজ সম্পাদন করবে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি রিনস্পিড।
তবে, এখনই বাস্তবে এমন চালকবিহীন গাড়ি বা এর সঙ্গে ড্রোনে আশা করে লাভ নেই বলে জানিয়েছে ম্যাশএবল। আইন অনুযায়ী চালকবিহীন গাড়ি আর এর ড্রোনের এই যুগল এখনও অনুমোদিত নয় বলে জানিয়েছে সাইটটি।
